ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে প্রাথমিকভাবে চারটি নতুন ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত চারটি ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট বা এলওআই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় আগে অনুমোদিত কড়ি ডিজিটাল ব্যাংককে নীতিমালার শর্ত পূরণের পর প্রাথমিক লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে মোট পাঁচটি ডিজিটাল ব্যাংক এই প্রক্রিয়ায় এগিয়ে গেল।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
নতুন অনুমোদন পাওয়া চারটি ডিজিটাল ব্যাংক হলো—বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি ডিজিটাল ব্যাংক, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। আবেদনকারী প্রতিষ্ঠানগুলো হলো—ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট-রবি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি নামে দুটি ডিজিটাল ব্যাংককে অনুমোদন দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে নগদের লাইসেন্সের বিষয়টি পর্যালোচনায় রাখা হয় এবং কড়িকে নীতিমালার শর্ত পূরণের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়। বৃহস্পতিবারের সভায় কড়িকে প্রাথমিক লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ডিজিটাল ব্যাংক মূলত শাখাভিত্তিক প্রচলিত ব্যাংকিংয়ের বাইরে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা দেওয়ার উদ্দেশ্যে গড়ে উঠবে। এর মাধ্যমে গ্রাহকের হিসাব খোলা, অর্থ লেনদেনসহ বিভিন্ন ব্যাংকিং সেবা ডিজিটাল মাধ্যমে দেওয়ার সুযোগ থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments