ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কেউ কেউ গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এ দেশে কেউ সংখ্যালঘু নয়। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে নয়, সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’
দেশের ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম-বর্ণ সবার সমান অধিকার। আমরা সবাই বাংলাদেশি।’
দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে। এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সব সম্প্রদায়ের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে দীর্ঘদিন কংসের মতো নিষ্ঠুর শাসক এ দেশের জনগণের কাঁধে চেপে বসেছিল। হাজারো প্রাণের বিনিময়ে সেই ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে জনগণ। তিনি বলেন, দেশের অর্থনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে এখন দেশ পুনর্গঠনের পালা।
এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানি বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। পরে তিনি ৯ জন পুরোহিত ও সেবায়েতের হাতে ভাতার অর্থ তুলে দেন। একই সঙ্গে সারা দেশে আরও ৬৪ জন পুরোহিত ও সেবায়েতকে ভাতা দেওয়া হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments