ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ১২/০৯/২০২৪ তারিখ সকাল ১১:০০ টায় কর্তৃপক্ষের সভাকক্ষ-১ এ নন-লাইফ বীমা প্রতিষ্ঠানসমূহের চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা আয়োজন করে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নব যোগদানকৃত চেয়ারম্যান ড. এম আসলাম আলম। সভায় উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সকল সদস্য, নির্বাহী পরিচালক, পরিচালক, উপ-পরিচালক, সাধারণ বীমা কর্পোরেশনের প্রতিনিধি এবং নন-লাইফ বীমা কোম্পানিসমূহের চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাগণ।

এ সৌজন্য বিনিময় সভায় প্রথমেই জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ব্যক্তিবর্গের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আহত ব্যক্তিবর্গের আসু সুস্থতা কামনা করা হয়। অতঃপর সকলকে স্বাগত জানিয়ে পরিচয় প্রদানের জন্য অনুরোধ করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) জনাব বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকন।
পরিচয় পর্ব শেষে লাইফ বীমা কোম্পানীর পক্ষ হতে বক্তব্য রাখেন এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম.ডি. ইমাম শাহীন, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী, প্রগতি ইন্স্যুঃ লিমিটেডের ভাইস চেয়ারম্যান তাবিথ আঊয়াল, কর্ণফূলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ পাভেল এবং গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সায়ীদ আহমেদ।
বক্তাগণ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে তাঁদের
বিভিন্ন মতামত প্রকাশ করেন। তাঁরা মূলত: বীমা খাতের নন-লাইফ ব্যবসা পরিচালনায় যেসব সমস্যার সম্মুক্ষীণ হচ্ছেন, তা তুলে ধরেন এবং একইসাথে সেগুলো নিরসনের জন্য তাদের কিছু সুপারিশ পেশ করেন। নন-লাইফ বীমা ব্যবসার প্রধান প্রতিবন্ধকতা যেমন- অতিরিক্ত কমিশন দেয়ার চর্চা , সাধারণ বীমা কর্পোরেশনের সাথে সুসম্পর্কের অভাব , সড়ক আইনের জন্য মটর ইন্স্যুরেন্স বন্ধ হয়ে যাওয়া , কিছু বীমা কোম্পানির এবং জনগণের সচেতনতার অভাব ইত্যাদি কাটিয়ে উঠতে পারলে ব্যবসা পরিচালনা সহজ হবে বলে নন-লাইফ সংশ্লিষ্টরা প্রত্যাশা করেন । তবে সেক্ষেত্রে কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যানের দিক নির্দেশনা অনুসরন করে তাঁদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব তাঁরা করবেন বলে আস্বস্ত করেন।
সভাপতি ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসলাম আলম জুলাই- আগস্টের গণঅভূত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে্ন এবং আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী ছাত্র- জনতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাঁর বক্তব্য শুরু করেন। তিনি বলেন, বাংলাদেশের এ ঐতিহাসিক বিজয়ের সময়ে নতুন বাংলাদেশ নির্মাণে, রাষ্ট্রব্যবস্থার মেরামত-সংস্কারে বীমা সেক্টরের ব্যবসার ক্ষেত্রেও পরিবর্তন আনতে হবে, যা জাতীয় স্বার্থ রক্ষা করবে। মূলত গ্রাহকের স্বার্থ রক্ষা করা এবং বীমা সেক্টরের উন্নয়ন সাধন করাই বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রধান কাজ বলে তিনি উল্লেখ করেন।
তিনি বিশ্বাস করেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশেও বীমার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি এবং মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য অবশ্যই সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আন্তরিকতার বিকল্প নেই। গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে মনোযোগী হওয়া, সকলের নৈতিকতা-মূল্যবোধের সদ্ব্যবহার করা, নিষ্ঠা- আন্তরিকতার সাথে কাজ করার মাধ্যমে বীমা সেক্টরের দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যার সমাধান করা সম্ভব বলে তিনি মনে করেন। পুরাতন রীতিনীতি-কৌশল পরিহার করে, যুগোপযোগী পরিবর্তন আনয়নে ব্যাপক সংস্কার প্রয়োজন, যা করা সম্ভব হলে বীমা সেক্টরে ইতিবাচক পরিবর্তন দ্বারা দেশের সার্বিক অর্থনীতির প্রসারে বীমা খাত উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে। তিনি আরো বলেন, আইনগত জটিলতা থাকলে, তা সংস্কারে ও বাস্তবায়নে নিবিড়ভাবে কাজ করবেন। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বীমা সেক্টরের উন্নয়নে সকলকে অভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজ করার আহবান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠান শেষে নন-লাইফ বীমা কোম্পানির পক্ষ হতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নব
যোগদানকৃত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.



























Recent Comments