ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সময় বদলেছে। বদলেছে বিনোদন মাধ্যমও। ওটিটি ছোট পর্দার অনেক অভিনয়শিল্পীকে নতুন দর্শকের কাছে পরিচিত করে দিয়েছে। নাট্য অভিনেত্রীদের মধ্যে এ সময়ে ওটিটির কাজে ব্যস্ততা বেড়েছে অনেক শিল্পীর। এ তালিকায় শুরুর দিকেই রয়েছে তানজিকা আমিনের নাম।

আশফাক নিপুণের ‘মহানগর টু’ ওয়েব সিরিজে ‘মিতু’ চরিত্রে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন তিনি। এরপর নানামাত্রিক কাজ এসে জমা হয় তাঁর ঝুলিয়ে। বলা যায়, ওটিটির কাজে দম ফেলার ফুরসত পাচ্ছেন না তিনি। ছোট পর্দা কিংবা বড় পর্দা নয়; ওটিটি ঘিরেই সরব এ অভিনেত্রী। চলতি মাসেই মুক্তির অপেক্ষায় তাঁর অভিনীত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’।
আইস্ক্রিনের জন্য এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। এতে তাঁকে দেখা যাবে ‘নীরু’ নামে এক সাংবাদিকের চরিত্রে। অভিনয় ক্যারিয়ারে এর আগেও তাঁকে এ ধরনের চরিত্রে দেখা গেছে। তবে ‘অমীমাংসিত’ কাজটিতে একেবারে নতুনভাবে পর্দায় হাজির হচ্ছেন তিনি। ‘নীরু’ চরিত্রের জন্য প্রস্তুতি কেমন ছিল?
জবাবে তানজিকা বলেন, ‘অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে আমি সাংবাদিক চরিত্রে অভিনয় করেছি। তখন চরিত্রটি নিয়ে বেশি গবেষণা হয়নি। এটি তো ওটিটির কাজ। তাই চরিত্রটির জন্য বেশ গবেষণা ও আলোচনা করতে হয়েছে। সাংবাদিকদের পেশাগত জীবনযাপন কাছে থেকে দেখার চেষ্টা করেছি। কেউ কেউ বলছেন, সাগর-রুনির হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ওয়েব ফিল্মটি তৈরি হয়েছে। তবে এটি সত্য, ছবিটি সাংবাদিক দম্পতির গল্প নিয়ে। আমরা অনেক গল্পই ছায়া অবলম্বনে তৈরি করি। এটি কি ছায়া অবলম্বনে নাকি সত্য ঘটনা অবলম্বনে, তা দর্শক দেখার পরই বলুক। আশা করছি, কাজটি দর্শকের ভালো লাগবে।
আগামী মাসে মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’। তিন নারীর জীবনে ঘটে যাওয়া গল্প নিয়ে ক্রাইম থ্রিলার ঘরানার এই ফিল্মটি নির্মাণ করছেন ফরহাদ আহমেদ। দীপ্ত প্লেতে নারী দিবস উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে এটির। এতে তানজিকাকে দেখা যাবে একজন অপরাধীর চরিত্রে।
তানজিকা আমিন বলেন, ‘অনেকেই বলছেন এটি অপরাধীর চরিত্র। সবচেয়ে বড় কথা, সে কেন অপরাধী হতে বাধ্য হলো, সেটির ওপর বেশি ফোকাস করা হয়েছে। পেছনের গল্পের ওপরই বেশি জোর দিতে চেষ্টা করেছেন নির্মাতা।
এ দুটি ওয়েব ফিল্ম ছাড়াও সালজার আহমেদের পরিচালনায় ‘কালপুরুষ’ নামে একটি ওয়েব সিরিজ মুক্তির অপেক্ষায় রয়েছে তানজিকার। ওটিটির ব্যস্ততায় নাটককে কি গুডবাই জানাতে চলেছেন তানজিকা? এমন প্রশ্নের জবাব বেশ খোলাসা করেই দিলেন।
অভিনেত্রীর ভাষ্য, “নাটক করছি না বা কমিয়ে দিয়েছি, বিষয়টি একদমই এ রকম নয়। নাটক দিয়েই তো আমার শুরু। এটি কেন ছাড়তে হবে? নাক সিটকে অনেকেই বলেন, ‘না, এখন তো আর নাটক করি না– এমনটি আমার পক্ষে বলা সম্ভব নয়। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই নাটকে নিয়মিত অভিনয় করব।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments