ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন, এসএমই কোম্পানি তালিকাভুক্তকরণ বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, নতুন আর্থিক পণ্য উদ্ভাবন এবং স্টার্টআপ ও ক্ষুদ্র-মাঝারি শিল্পে অর্থায়ন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) গুলশানে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) কার্যালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি’র চেয়ারম্যান মমিনুল ইসলাম-এর নেতৃত্বে ডিএসই’র পরিচালনা পর্ষদ এবং ডিসিসিআই’র প্রেসিডেন্ট তাসকিন আহমেদ ও পরিচালনা পর্ষদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই ডিসিসিআই প্রেসিডেন্ট তাসকিন আহমেদ ডিএসই প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, ব্যবসায় লাভ-ক্ষতি থাকলেও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ অত্যন্ত জরুরি। তিনি বলেন, বাংলাদেশের মার্কেট ক্যাপিটালাইজেশন টু জিডিপি রেশিও এখনও ২০ শতাংশের নিচে, যেখানে অনেক দেশে এটি ৪০-৫০ শতাংশের বেশি। তাই পুঁজিবাজারে এসএমই কোম্পানির অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। একইসঙ্গে দ্বৈত কর ব্যবস্থা সংস্কার, পণ্যের বৈচিত্রকরণ এবং সরকারী ও বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরে ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, দেশের অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পুঁজিবাজার এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। তবে বর্তমান সরকার প্রথমবারের মতো পুঁজিবাজারকে অগ্রাধিকার দিয়েছে। বাজেটে নেওয়া কিছু সিদ্ধান্ত যেমন- টার্নওভারের উপর এআইটি কমানো, মার্চেন্ট ব্যাংকের কর কমানো এবং তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে করের ব্যবধান বৃদ্ধি বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক হবে।
তিনি আরও বলেন, আইপিও প্রক্রিয়ার ডিজিটালাইজেশন, ভালো কোম্পানিকে দ্রুত তালিকাভুক্তির জন্য গ্রীন চ্যানেল চালু এবং এসএমই বোর্ড ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) সক্রিয় করার পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিএসই ও ডিসিসিআই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে সমঝোতা স্মারক সই করে পুঁজিবাজারকে আরও শক্তিশালী ও টেকসই করার উদ্যোগ নিতে পারে।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, ব্যাংকের সুদের হার বৃদ্ধির ফলে ব্যবসায়িক পরিবেশ কঠিন হয়ে উঠেছে, তবে পুঁজিবাজার বিনিয়োগের মাধ্যমে এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। বেসরকারি খাতের প্রায় ৭৫ শতাংশই এসএমই হওয়ায় এ খাতের উন্নয়নে পুঁজিবাজারের গুরুত্ব অপরিসীম।
সভায় আরও উপস্থিত ছিলেন ডিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজিব এইচ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোঃ সেলিম সোলাইমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ. কে. এম আসুদুজ্জামান পাটুয়ারি, ডিএসই’র পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অবঃ), সৈয়দ হাম্মাদুল করীম, মোঃ শাকিল রিজভী এবং ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান এফসিএসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
































Recent Comments