ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ তারিখ পুঁজিবাজারে লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যে সূচকে বড় পতন ঘটে। এরপর সূচক ক্রমাগত পতনমুখী অবস্থানে থাকে। টানা ৮দিন ধরে পুঁজিবাজারে এমন দরপতন থাকায় মানববন্ধনে নেমেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। বেলা ১২টার দিকে রাজধানীর মতিঝিলে ডিএসইর পুরোনো ভবনের সামনে পুঁজিবাজারের চলমান ধারাবাহিক পতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা মানববন্ধন করেছেন। এ সময় বিভিন্ন ব্রোকারেজ হাউজের বিনিয়োগকারীরা মানববন্ধনে সমাবেত হন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময় বিনিয়োগকারীরা বলেছেন, প্রতিদিন শেয়ারবাজারে বড় দরপতনের পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত। ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার জন্যই তারা কারসাজির মাধ্যমে বাজারে পতন ঘটাচ্ছে। এই চক্রটি নিয়ন্ত্রক সংস্থা-বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভাবমূর্তি নষ্ট করতেও তৎপর রয়েছে। এ সময় পুঁজিবাজারে দরপতনের পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে বলে বিনিয়োগকারীরা দাবি জানিয়েছেন।
এদিন বেলা ১২টা ৫৪ মিনিটে ডিএসইতে প্রধান সূচক ১.০৭ শতাংশ বা ৬৩.৩৫ পয়েন্ট কমে অবস্থান করেছিলো ৫ হাজার ৮৩৪.৮৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৯৯ পয়েন্ট কমে অবস্থান করেছিলো ১ হাজার ২৭২.২৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫.৮৯ পয়েন্ট কমে অবস্থান করেছিলো ২ হাজার ২৬.৭২ পয়েন্টে।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ১.২৩ শতাংশ বা ২০৮.৩৩ পয়েন্ট কমে অবস্থান করেছিলো ১৬ হাজার ৭২০.৭৮ পয়েন্টে।
উল্লেখ্য, মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক ব্যাপক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে প্রধান সূচক আজ ৮৪.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮১৪.০৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৮.৩৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০.১১ পয়েন্টে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments