
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মঙ্গলবার ৩ জানুয়ারি, সকালে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোভিড-১৯, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ এবং নিষেধাজ্ঞা না থাকলে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যেত।
তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছি এবং আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা ও পেয়েছি। কোভিড-১৯, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ এবং স্যাংশন যদি না হতো বাংলাদেশকে নিয়ে এগিয়ে যেতে পারতাম। তারপরও ২০২০ সালে আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করেছি। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি। এসময় বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।
প্রধানমন্ত্রী জানান, পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে আছে। যে কোনো দুর্যোগেই পুলিশ পাশে থাকে। পাশাপাশি মনুষ্যসৃষ্ট দুর্যোগেও পুলিশ ভূমিকা রাখে। মানুষের জানমাল বাঁচাবার জন্য নিজের জীবনকেও উৎসর্গ করে। যেকোনো ঝুঁকি নিতে পিছপা হয় না। এটাই হচ্ছে পুলিশের বড় কাজ যা পুলিশ দক্ষতার সঙ্গে করে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, ‘২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে তাণ্ডব-অগ্নিসন্ত্রাসের ফলে প্রায় সাড়ে ৩ হাজারের মতো মানুষ অগ্নিদগ্ধ হয়েছিল। ৫০০ মানুষ মৃত্যুবরণ করে সেই অগ্নি সন্ত্রাসের কারণে, যেখানে ২৯ জন পুলিশ সদস্য নিহত হয় দগ্ধ হয়ে, আহত হয় আরও অনেকে।
তিনি আরও বলেন, ‘এই বিএনপি, জামায়াত-শিবিররা প্রকাশ্যে দিবালোকে যেভাবে হত্যাকান্ড চালিয়েছে , এভাবে পুলিশের গায়ে কখনো কেউ হাত দেয়! তা কখনো দেখা যায় না। যদিও তা বাংলাদেশে ঘটেছে। এ ছাড়া সাড়ে তিন হাজার বাস-ট্রাক, ১৯টি ট্রেন, ১১টি লঞ্চ পুড়িয়ে ধ্বংস করেছে। ৭০টি সরকারি ও ৬ ভূমি অফিস পুড়িয়ে দিয়েছে। সে সময় পুলিশের সদস্যরা জীবন বাজি রেখে এই রকম ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে রুখে দিয়ে জনগণের নিরাপত্তা দিয়েছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments