ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নিউজিল্যান্ডের বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী টড ম্যাকক্লে বাংলাদেশে একটি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন। রবিবার ক্যামেরুনের ইয়াউন্দেতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউএইচও) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের (এমসি১৪) সাইডলাইনে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।
বৈঠকে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী নিউজিল্যান্ডের মন্ত্রী ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ বৈশ্বিক ভ্যালু চেইনে আরও সক্রিয়ভাবে যুক্ত হতে চায় এবং বাণিজ্যভিত্তিক প্রবৃদ্ধি অর্জনে ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে কাজ করছে।
মন্ত্রী আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপি (আরসিইপি)-তে যোগদানের বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা উল্লেখ করেন এবং নিউজিল্যান্ডের সমর্থন কামনা করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে বাংলাদেশের ভূ-অবস্থান এবং ক্রমবর্ধমান মধ্যবিত্ত জনগোষ্ঠী এ জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও জানান, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রেক্ষাপটে বাজার বহুমুখীকরণের কৌশলের অংশ হিসেবে বাংলাদেশ ইতিমধ্যেই জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর করেছে এবং কোরিয়া, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা চলমান।
নিউজিল্যান্ডের মন্ত্রী টড ম্যাকক্লে বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব ও অর্থনৈতিক সম্ভাবনার প্রশংসা করে বলেন, আরসিইপি জোটে বাংলাদেশ একটি উপযুক্ত অংশীদার হতে পারে। তিনি এ জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য অন্যান্য সদস্য দেশের সঙ্গে সমন্বয়ে সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে তিনি বাংলাদেশের সঙ্গে একটি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনার প্রস্তাব দেন। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ সফরের আমন্ত্রণ দেন। জবাবে টড ম্যাকক্লে চলতি বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠক শেষে উভয়পক্ষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ডেইলি শেয়ারবাজার ডেটকম/অ
























Recent Comments