ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফিরছেন পরিচালক সুজয় ঘোষ। তবে এবার সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে না বিদ্যা বালানকে। তার পরিবর্তে ‘কাহানি থ্রি’-র মূল ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী ইয়ামি গৌতম।
ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিনেমাটি প্রথম দুটি কিস্তির গল্পের সরাসরি ধারাবাহিকতা নয়। বিদ্যা বালানের পরিচিত চরিত্রের পরিবর্তে ‘কাহানি’ ফ্র্যাঞ্চাইজির রহস্যময় আবহ বজায় রেখে সম্পূর্ণ নতুন একটি গল্প উপস্থাপন করা হবে। আগের সিনেমাগুলোর সাফল্যকে অনুকরণ না করে ফ্র্যাঞ্চাইজির মূল আবেদন অক্ষুণ্ণ রেখেই নতুন থ্রিলার নির্মাণের পরিকল্পনা করেছেন নির্মাতারা।
চলচ্চিত্রসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘কাহানি থ্রি’ সম্পূর্ণ নতুন কাহিনি নিয়ে নির্মিত হচ্ছে। ফ্র্যাঞ্চাইজির পরিচিত বৈশিষ্ট্য বজায় রেখে গল্পকে নতুনভাবে উপস্থাপন করাই নির্মাতাদের লক্ষ্য। সিনেমাটিতে ইয়ামি গৌতমের চরিত্রটি হবে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ।
বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। শিগগিরই শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
সূত্রটি আরও জানায়, পরিচালক সুজয় ঘোষ সিনেমাটির প্রতিটি বিষয় নিবিড়ভাবে তদারকি করছেন, যাতে নতুন গল্প হলেও ‘কাহানি’-র স্বতন্ত্র আবহ বজায় থাকে। ইয়ামি গৌতমের এ প্রকল্পে যুক্ত হওয়া নিয়েও নির্মাতা দলের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পাওয়া ‘কাহানি’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান। কলকাতায় নিখোঁজ স্বামীকে খুঁজতে আসা এক অন্তঃসত্ত্বা নারীর রহস্যময় যাত্রা নিয়ে নির্মিত সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হওয়ার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়ায়। পরে ২০১৬ সালে মুক্তি পায় ‘কাহানি টু: দুর্গা রানী সিং’। বিদ্যা বালান ও অর্জুন রামপাল অভিনীত সেই সিনেমাটিও দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments