ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে আবারও ক্লাব ফুটবলে ফেরার প্রস্তুতি শুরু করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও ক্লাব ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই লক্ষ্যেই দীর্ঘ বিরতির পর সান্তোসের ঐতিহ্যবাহী সিটি রেই পেলে ট্রেনিং সেন্টারে ফিরেছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।
তবে অনুশীলনে ফেরার প্রথম দিনেই মাঠে নামেননি নেইমার। সময় কেটেছে জিমনেসিয়ামে ঘাম ঝরিয়ে এবং ফিজিওলজিক্যাল ল্যাবে বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে। অবনমনের শঙ্কায় থাকা সান্তোসের জন্য তার এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।
সম্প্রতি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বোটাফোগোর কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে সান্তোস। ম্যাচে আলভারো বারিয়ালের গোলে সমতায় ফিরলেও যোগ করা সময়ে গোল হজম করে হার এড়াতে পারেনি দলটি। ফলে অবনমন অঞ্চলের কাছাকাছিই অবস্থান করছে ক্লাবটি।
এমন কঠিন সময়েই অনুশীলন কেন্দ্রে নেইমারের উপস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সান্তোসের ১০ নম্বর জার্সিধারী এই ফুটবলার মাঠের অনুশীলনে অংশ না নিলেও ইনডোর ওয়ার্কআউটের পাশাপাশি ফিটনেস মূল্যায়নের বিভিন্ন ধাপ সম্পন্ন করেছেন।
সান্তোসের হয়ে সর্বশেষ ১৭ মে করিন্থিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন নেইমার। নিও কিমিকা অ্যারেনায় অনুষ্ঠিত সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল তার দল। ওই ম্যাচের পরদিনই ব্রাজিল জাতীয় দলে ডাক পান তিনি।
চলতি মৌসুমের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা নেইমার প্রায় দুই মাস ধরে ক্লাবের হয়ে কোনো ম্যাচ খেলেননি। এই সময়ের মধ্যে তিনি ব্রাজিলের হয়ে নিজের চতুর্থ বিশ্বকাপে দুটি ম্যাচে অংশ নেন এবং পেনাল্টি থেকে একটি গোল করেন।
ক্লাবের হয়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও জাতীয় দলের জার্সিতে ৮০ গোল করা নেইমার এখনও ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ জুলাই ভিলা বেলমিরো স্টেডিয়ামে শাপেকোয়েনসের বিপক্ষে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ২০তম রাউন্ডের ম্যাচেই আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে দেখা যেতে পারে ব্রাজিলের এই মহাতারকাকে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ






























Recent Comments