ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপে দলসংখ্যা বৃদ্ধির পাশাপাশি গ্রুপ পর্বের টাইব্রেকিং পদ্ধতিতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, সমান পয়েন্ট পাওয়া দলগুলোর অবস্থান নির্ধারণে গোল ব্যবধানের আগে গুরুত্ব পাবে মুখোমুখি লড়াইয়ের ফলাফল।
বিশ্বকাপের নতুন কাঠামোতে ১২টি গ্রুপ থেকে শীর্ষ দুই দল করে মোট ২৪টি দল সরাসরি নকআউট পর্বে উঠবে। এর সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থানের দল যোগ হয়ে রাউন্ড অব ৩২-এর ৩২টি দল পূর্ণ হবে।
সমান পয়েন্ট পাওয়া দলগুলোর অবস্থান নির্ধারণে ফিফা তিন ধাপের টাইব্রেকার পদ্ধতি অনুসরণ করবে।
প্রথম ধাপে বিবেচনা করা হবে সংশ্লিষ্ট দলগুলোর মুখোমুখি ম্যাচে অর্জিত পয়েন্ট। এরপরও সমতা থাকলে দেখা হবে ওই ম্যাচগুলোর গোল ব্যবধান এবং মোট গোলসংখ্যা।
যদি তাতেও সমাধান না আসে, তাহলে দ্বিতীয় ধাপে পুরো গ্রুপ পর্বের পারফরম্যান্স বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে গোল ব্যবধান, মোট গোল এবং ফেয়ার প্লে পয়েন্ট হিসাব করা হবে।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে চূড়ান্ত ধাপে। আগে সমতা ভাঙতে লটারি বা টসের আশ্রয় নেওয়া হতো। নতুন নিয়ম অনুযায়ী, এবার সমতা অব্যাহত থাকলে ফিফার সর্বশেষ বিশ্ব র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলোর অবস্থান নির্ধারণ করা হবে।
ফিফার মতে, এই পদ্ধতি প্রতিযোগিতাকে আরও স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করবে। পাশাপাশি দলগুলোকে শুধু বড় ব্যবধানে জয়ের চেয়ে মুখোমুখি ম্যাচে ভালো ফলের দিকে বেশি মনোযোগ দিতে উৎসাহিত করবে।
বিশ্লেষকদের মতে, নতুন এই নিয়ম গ্রুপ পর্বের সমীকরণকে আরও জটিল ও রোমাঞ্চকর করে তুলতে পারে। বিশেষ করে তৃতীয় স্থান পাওয়া দলগুলোর মধ্যে নকআউট নিশ্চিত করার লড়াইয়ে এর প্রভাব স্পষ্টভাবে দেখা যেতে পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ




























Recent Comments