ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি বছরের অক্টোবর-ডিসেম্বর সময়ের জন্য নতুন মুদ্রানীতি বিবৃতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ভবনের পঞ্চম তলায় জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ডেপুটি গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তা, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সহকারী মুখপাত্রসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
নতুন মুদ্রানীতি ঘোষণায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণপ্রবাহ, বিনিয়োগ এবং অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান ও করণীয় তুলে ধরা হতে পারে।
বর্তমানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বেসরকারি বিনিয়োগে স্থবিরতা কাটানোও অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ফলে নতুন মুদ্রানীতিতে এসব বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত অবস্থান ও পদক্ষেপের দিকেই নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments