ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রায় পাঁচ বছরের ব্যর্থতার দায় কাটিয়ে চলতি বছরে নিজের চেনা ছন্দে ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। ২০২৩ সালে পর্দায় যেমন দাপট দেখিয়েছেন কিং খান, তেমনি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিভিন্ন র্যাংকিংয়েও এখন সবার শীর্ষে শাহরুখ খান। সম্প্রতি আইএমডিবি রেটিংয়ের প্রকাশিত তালিকায় ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা নির্বাচিত হয়েছেন তিনি। এবার আইএমডিবির নতুন একটি তালিকাতেও তার সিনেমা রয়েছে শীর্ষস্থানে।

২০২৩ সালের শীর্ষ ১০টি জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে আইএমডিবি যা এ বছরের ১ জানুয়ারি থেকে ৬ নভেম্বরের মধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বছরের শেষ তালিকাটি বিশ্বব্যাপী সাইটটির ২০০ মিলিয়নেরও বেশি দর্শকদের আইএমডিবির সাইট পরিদর্শন ও অনুসন্ধানের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে।
এ বছর আইএমডিবির তালিকায় জয়জয়কার শাহরুখ খানের। তার অভিনীত দুটি সিনেমাই শীর্ষ এবং দ্বিতীয় স্থান দখল করেছে। তালিকায় জায়গা পেয়েছে বিজয়ের ‘লিও’ এবং রজনীকান্তের ‘জেলার’। অ্যাটলি পরিচালিত ও শাহরুখ খান অভিনীত জওয়ান তালিকার শীর্ষে রয়েছে। সিনেমাটি বছরের অন্যতম ব্লকবাস্টার ও হিন্দি চলচ্চিত্রের সর্বাধিক আয় করা চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে। বিশ্বব্যাপী ১১০০ কোটির বেশি করেছে জওয়ান। তালিকায় দ্বিতীয় স্থানেও রয়েছেন বলিউড বাদশা।
যশ রাজ ফিল্মসের ‘পাঠান’ বছরের অন্যতম হিট। সিনেমাটি শাহরুখ খানের প্রত্যাবর্তনের পাশাপাশি কিং খানকে বক্স অফিসে ইতিহাস গড়তে সাহায্য করেছে। বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটির মাইলফলক অর্জন করেছে সিনেমাটি।
২০২৩ সালে আইএমডিবির শীর্ষ ১০টি জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্রের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে করণ জোহর পরিচালিত রণবীর সিং ও আলিয়া ভাটের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। সিনেমাটির মাধ্যমে দীর্ঘ সাত বছর পর পরিচালনায় ফিরেছেন করণ জোহর। পারিবারিক ড্রামাটি বক্স অফিসেও পেয়েছে দারুণ সফলতা। ৩৫০ কোটির বেশি আয় করে নিয়েছে বিশ্বব্যাপী।
তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বিজয়ের ‘লিও’। লোকেশ কানাগারাজ পরিচালিত সিনেমাটি বিশ্বব্যাপী ৬০০ কোটির বেশি আয় করে নিয়েছে। আর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে অক্ষয় কুমারের ‘ও মাই গড ২’। জনপ্রিয় এ তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে রজনীকান্তের ‘জেলার’। সপ্তম স্থানে রয়েছে সানি দেওলের প্রত্যাবর্তন চলচ্চিত্র ‘গাদার ২’। অষ্টম স্থানে রয়েছে বছরের সবচেয়ে আলোচিত-সমালোচিত চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি’। নবম স্থানে রয়েছে রণবীর-শ্রদ্ধার ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ এবং দশম স্থানে আছে অজয় দেবগনের ‘ভোলা’।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments