ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ রেলকোচ আনা হচ্ছে। আগামী আগস্টের শুরু থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে এসব কোচ বাংলাদেশে পৌঁছাবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় ভারতের রেল মন্ত্রণালয়ের অধীন রপ্তানি সংস্থা রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস (রাইটস)-এর সঙ্গে ৯১৫ কোটি রুপির একটি চুক্তি করে বাংলাদেশ সরকার।
প্রকল্পটিতে অর্থায়ন করেছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কারখানায় বর্তমানে কোচগুলো তৈরির কাজ চলছে।
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর কোচ তৈরির কাজ সাময়িকভাবে স্থগিত করা হলেও ২০২৬ সালের মে মাসে তা আবার শুরু হয়।
এর আগে একই চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য ১২০টি ব্রডগেজ এলএইচবি যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করা হয়েছিল।
রাইটসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিথাল নতুন ২০০টি কোচ সরবরাহের আদেশকে প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, প্রথম চালানে ২০টি কোচ খুব শিগগিরই বাংলাদেশে পাঠানো হবে।
রাইটস লিমিটেড ভারতের রেল মন্ত্রণালয়ের অধীন একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। সংস্থাটি রেল, মহাসড়ক, বিমানবন্দর ও নগর পরিবহন খাতে পরিকল্পনা, নকশা, বাস্তবায়ন এবং রোলিং স্টক রপ্তানিসহ বিভিন্ন সেবা দিয়ে থাকে।
এদিকে এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে আগামী সেপ্টেম্বরে আলোচনা শুরু হতে পারে। ট্রেনটি চালু থাকাকালে পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে প্রায় ৩৭৫ কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় ৯ ঘণ্টায় ঢাকা পৌঁছাত।
২০০৮ সালে চালু হওয়া মৈত্রী এক্সপ্রেস যাত্রীদের কাছে জনপ্রিয় হলেও ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে এর চলাচল স্থগিত করা হয়। পরে ২০১৭ সালের এপ্রিলে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে কলকাতা-খুলনা মৈত্রী এক্সপ্রেস রুট উদ্বোধন করেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের শিক্ষক-জনতা অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা প্রদান স্থগিত করেছিল ভারত। তবে গত মাসে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম






























Recent Comments