ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফারহানা রনি। নিয়মিতই গানের সঙ্গে জড়িয়ে আছেন দীর্ঘদিন ধরে। বর্তমানে তিনি থাকেন সুইডেনে। সেখানে বসেও বাংলা গানের চর্চা চালিয়ে যাচ্ছেন। তবে আনুষ্ঠানিকভাবে প্রায় এক যুগ পর নতুন গান নিয়ে হাজির হলেন এই শিল্পী। ভালোবাসা দিবস উপলক্ষে টি আর মিউজিক স্টেশনের ব্যানারে মুক্তি পেয়েছে ফারহানা রনির কণ্ঠে রোমান্টিক গান ‘খুব যতনে’র ভিডিও। এতে ফারহানা রনির সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন টি রহমান।

ফারহানা রনি বলেন, এক যুগেরও অধিক সময় পর নিজস্ব মৌলিক গানে ফেরা হল। ২০০২ সালের দিকে বাংলাদেশের রেডিও ও বিটিভির তালিকাভুক্ত শিল্পী হিসেবে নিয়মিত গান করেছি। সর্বশেষ ২০০৩ সালে জনপ্রিয় গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের কথা ও সুরে মৌলিক গানের অ্যালবাম করা হয়েছিল। এত বছর পর অনেক স্বপ্ন নিয়ে ভীষণ সুন্দর একটি গানের মধ্যে দিয়ে আবার গানে ফেরা। ভীষণ ভালো লাগা কাজ করছে। ভালোবাসা দিবসে আমাদের এই গান সবার মনে ভালোবাসার জায়গা করে নেবে এই প্রত্যাশা রাখছি।
কণ্ঠশিল্পী টি রহমান বলেন, ফারহানা রনি একজন গুণী শিল্পী। তার সাথে গান করতে পেরে অনেক ভালো লাগছে। আকাশ মাহমুদ অত্যন্ত চমৎকারভাবে গানের মিউজিক করেছেন। আশা করি গানটি সবার ভালো লাগবে। গানটি লিখেছেন আশিক মাহমুদ। তিনি বলেন, ভালোবাসাকে প্রাধান্য দিয়ে গানটি লেখার চেষ্টা করেছি। আশা করি দর্শক তার মনের মানুষকে এই গানের মাধ্যমে কল্পনা করতে পারবেন। গানটির সুর-সংগীত করেছেন আকাশ মাহমুদ। তিনি বলেন, খুব যত্ন নিয়ে গানটি আমরা তৈরি করেছি। আমি ভীষণ আশাবাদী টি রহমান ভাইয়া এবং ফারহানা রনি আপুর কণ্ঠের গানটি সবার ভালো লাগবে।
এ গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানভীর শেহজাদ। তিনি জানান, বান্দরবনে তিনদিন টানা শুটিং হয়েছে। এ গানের গল্পে বিশেষ আকর্ষণ হচ্ছে দুই শিশুশিল্পীর অসাধারণ অভিনয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments