
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকার মালিবাগ মোড়ে শাহজালাল হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে চার জন দগ্ধ হয়েছেন। আজ বুধবার ২০ মার্চ, ২০২৪ তারিখ সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এর মধ্যে তিন জনকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিট এবং একজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের চার জনই হলেন ওই হোটেলের কর্মচারী। এই দুর্ঘটনায় সবুজ (২৪), মো. মারুফ (১৬) মো. জুলহাস (১৮) এবং আব্দুল হান্নান (৪০) দগ্ধ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, আজ সন্ধ্যার দিকে মালিবাগ থেকে দগ্ধ অবস্থায় চার জনকে আনা হয়েছিল। এর মধ্যে সবুজ ২৭ শতাংশ, মারুফ ১৮ শতাংশ এবং জুলহাস ১৬ শতাংশ দগ্ধ হয়ে ঢাকা মেডিক্যালের বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। এছাড়া হান্নানের শেখ হাসিনা বার্নের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বর্তমানে তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। আমরা বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে অবগত করেছি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মালিবাগ থেকে আগুনে তিন যুবক দগ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসার পর তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আরেকজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের মধ্যে মারুফ বলেন, আমরা চারজনই ওই হোটেলে কাজ করি। আজ সন্ধ্যার দিকে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে আমরা চার জন দগ্ধ হই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments