ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জরুরি সময়ে মোবাইল রিচার্জ বা গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধ সহজ করতে নতুন ধরনের ডিজিটাল ঋণসেবা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এই ব্যবস্থায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ক্ষুদ্রঋণ নেওয়া যাবে।
কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি খসড়া নীতিমালা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, নেওয়া ঋণ ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। মূল লক্ষ্য হচ্ছে নগদবিহীন লেনদেনকে উৎসাহিত করা এবং ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার আরও বিস্তৃত করা। খসড়াটি এখন জনমত ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের জন্য উন্মুক্ত রয়েছে। মতামত পর্যালোচনা শেষে চূড়ান্ত নির্দেশনা জারি করা হবে।
খসড়া অনুযায়ী, এই ঋণের ওপর কোনো সুদ আরোপ করা যাবে না। তবে ঋণের পরিমাণ অনুযায়ী নির্দিষ্ট সেবামূল্য নেওয়ার সুযোগ থাকবে। ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ৫ টাকা, ২৫১ থেকে ৫০০ টাকায় ১০ টাকা, ৫০১ থেকে ১ হাজার টাকায় ১৫ টাকা, ১ হাজার ১ থেকে ২ হাজার টাকায় ২৫ টাকা, ২ হাজার ১ থেকে ৩ হাজার টাকায় ৩৫ টাকা এবং ৩ হাজার ১ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ টাকা সার্ভিস ফি নেওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, নির্ধারিত সার্ভিস ফির বাইরে কোনো সুদ, জরিমানা, প্রসেসিং চার্জ বা অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। গ্রাহক নির্ধারিত সময়ের আগেই ঋণ পরিশোধ করলেও আগাম পরিশোধের জন্য কোনো অতিরিক্ত ফি নেওয়ার সুযোগ থাকবে না।
পুরো ঋণপ্রক্রিয়াটি হবে সম্পূর্ণ ডিজিটাল। কাগজে স্বাক্ষর বা প্রচলিত নথিপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে না। ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকের সম্মতি গ্রহণ, পরিচয় যাচাইয়ে বায়োমেট্রিক পদ্ধতির ব্যবহার এবং দ্রুত অনুমোদনের মাধ্যমে ব্যাংকগুলো এই সেবা পরিচালনা করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments