ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীতে দীর্ঘদিনের যানজট নিরসনের লক্ষ্যে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকার দুই সিটি প্রশাসক।
এর আগে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম ।
‘প্রধানমন্ত্রী ঢাকার অন্যতম প্রধান তিন প্রবেশদ্বার ও টার্মিনাল এলাকা— মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তানের যানজট কমাতে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। সেখানে বাসগুলো যাতে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি না করে, সে জন্য অস্থায়ী ডিপো তৈরি করা হবে’— উল্লেখ করেন সিটি প্রশাসকরা।
হকার ব্যবস্থাপনা নিয়েও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রশাসকরা জানালেন, হকারদের হুট করে উচ্ছেদ না করে তাদের পুনর্বাসনের আওতায় আনা হবে, যাতে তারা জীবিকাও নির্বাহ করতে পারেন এবং রাস্তাও যানজটমুক্ত থাকে।
উচ্চপর্যায়ের এই বৈঠকে অংশ নেন, যোগাযোগ ও পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান। সভা শেষে সাংবাদিকদের বললেন, বহুল আলোচিত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়ে গঠিত তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি আগামী সাত দিনের মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।
‘ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক রূপ দিতে আগামী সপ্তাহেই শাহবাগ মোড়ে পরীক্ষামূলকভাবে ‘ডিজিটাল সিগন্যাল ব্যবস্থা’ স্থাপন করা হবে। আজকের বৈঠকে এই আধুনিক সিগন্যালিং ব্যবস্থার খুঁটিনাটি ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে’— উল্লেখ করেন ড. হাদিউজ্জামান।
ডেইলি শেয়ারবাজার ডটকম




























Recent Comments