ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউরোপের দেশগুলো রাশিয়ার বাণিজ্যিক জাহাজ জব্দ করলে রাশিয়াও পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বুধবার জানিয়েছে এ তথ্য।
ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার কথিত ‘ছায়া নৌবহরের’ ওপর চাপ বাড়ানোর মধ্যে পুতিন এ মন্তব্য করলেন। রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে চলার অভিযোগে ব্যবহৃত শত শত জাহাজের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ। পাশাপাশি কয়েকটি জাহাজ ও সেগুলোর নাবিকদের আটকে রেখে তল্লাশিও করা হয়েছে। নিষেধাজ্ঞা এড়ানোর সন্দেহে থাকা জাহাজগুলোর বিরুদ্ধে আরও কঠোর সামুদ্রিক ব্যবস্থা নেওয়ার বিষয়েও ইউরোপের কয়েকটি সরকার আলোচনা করছে।
এসব পদক্ষেপের বিষয়ে পুতিনকে উদ্ধৃত করে তাস বলেছে, ‘অবশ্যই, এটি জলদস্যুতা ও দস্যুতার চেয়ে কম কিছু নয়। আর এটি যদি সত্যিই বাস্তবায়ন করা হয়, তাহলে আমাদেরও পাল্টা জবাব দিতে বাধ্য হতে হবে।’
তাসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া পাল্টা কোনো পদক্ষেপ নিলে তা শুধু যে জলসীমায় রুশ জাহাজ জব্দ করা হয়েছে, সেখানেই সীমাবদ্ধ থাকবে না। বরং ‘যেখানে আমরা প্রয়োজন ও উপযুক্ত মনে করব, সেখানেই’ তা করা হবে।
রাশিয়ার পূর্বাঞ্চলের সাখালিন দ্বীপ থেকে পুতিন এ মন্তব্য করেন। সেখানে তিনি সামরিক মহড়া পর্যবেক্ষণ করছেন।
তাস আরও জানিয়েছে, পুতিন ন্যাটোর বিরুদ্ধে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন। পাশাপাশি আর্কটিক অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তাস পুতিনকে উদ্ধৃত করে বলেছে, ‘ন্যাটো এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করছে, নতুন সামরিক-রাজনৈতিক জোট গড়ে উঠছে এবং রাশিয়ার জন্য হুমকি তৈরি করে এমন নতুন অস্ত্রব্যবস্থা মোতায়েন করা হচ্ছে বা মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে।’
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments