ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানের নিজস্ব মুদ্রা রিয়ালের মানে রেকর্ড পতন হয়েছে। বর্তমানে এক মার্কিন ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে প্রায় ২২ লাখ ইরানি রিয়াল। বুধবার ( ২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন করে সংঘর্ষ শুরুর পর ফ্রি মার্কেটের লেনদেন পর্যবেক্ষণকারী দুটি ওয়েবসাইটে রিয়ালের এই দরপতনের তথ্য পাওয়া গেছে।
রয়টার্স জানিয়েছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইরানি মুদ্রার মূল্য প্রায় ১০ শতাংশ কমেছে। অন্যদিকে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এবং পরবর্তী সময়ে ওয়াশিংটন নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করায় রিয়ালের মূল্য প্রায় অর্ধেকে নেমে গেছে।
এদিকে কুয়েতে আবারও ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নতুন করে এ হামলা চালানো হয়।
কুয়েতের সেনাবাহিনী বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে জানায়, ইরান থেকে ছোড়া ড্রোন ও মিসাইল প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
হামলা প্রতিহত করার সময় বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে উল্লেখ করে কুয়েতি সেনাবাহিনী নাগরিকদের আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে।
এর আগে গত পরশু রাতে ইরানের উপকূলীয় বিভিন্ন এলাকায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে তেহরান। এ সময় কুয়েত, জর্ডান ও ইরাকে ড্রোন ও মিসাইল ছোড়ে ইরান।
তবে গতকাল রাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কোনো হামলার তথ্য পাওয়া যায়নি। এর মধ্যেই বৃহস্পতিবার কুয়েতে আবারও হামলা চালাল ইরান।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments