ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রকে প্রবাসে ছড়িয়ে দিতে ব্রিটিশ-বাংলাদেশিদের উদ্যোগে লন্ডনে গড়ে উঠেছে সোল ডান্স ফিল্ম ক্লাব। বাংলা ভাষা ইতিহাস ও সংস্কৃতিকে লালন করে যাঁরা প্রবাসেও বাঁচিয়ে রাখতে চান এই ক্লাব তাদের জন্য একটি প্রাণের জায়গা হয়ে উঠছে।
সেই ধারাবাহিকতায় এবার ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্য একটি বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ক্লাবটি। আগামী ৮ আগস্ট শুক্রবার, স্থানীয় সময় বিকেল ৫:৩০টায় লন্ডনের বাংলাদেশ সেন্টারে দেখানো হবে মুক্তিযুদ্ধভিত্তিক প্রশংসিত সিনেমা ‘ওরা ৭ জন’।
সিনেমা প্রদর্শনী উপলক্ষে সোল ডান্স ফিল্ম ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক দিলরুবা ইয়াসমিন রুহী বলেন আমি নিজেও সংস্কৃতি অঙ্গনের একজন মানুষ। লন্ডনে অনেক বাংলাদেশি আছেন যারা বাংলা সংস্কৃতিকে ভালোবাসেন লালন করেন। তাদের সঙ্গে নিয়েই আমরা গড়ে তুলেছি এই ফিল্ম ক্লাব। আমাদের লক্ষ্য বাংলা সিনেমাকে লন্ডনে নিয়মিতভাবে প্রদর্শন করা। এবার শুরু করছি মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা নিয়ে নির্মিত ওরা ৭ জন’ দিয়ে। এ প্রদর্শনী শুধু সিনেমা দেখা নয়-এটি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করার একটি সম্মিলিত প্রয়াসও।খিজির হায়াত খান পরিচালিত ‘ওরা ৭ জন’ সিনেমাটি সাতজন মুক্তিযোদ্ধার সংগ্রামী জীবনের গল্প নিয়ে নির্মিত। এতে অভিনয় করেছেন খিজির হায়াত খান, ইন্তেখাব দিনার মম ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান খালিদ মাহবুব তূর্য শাহরিয়ার ফেরদৌস সজীব শিবা সানু তাসনিম তাসফি জয়রাজ, নাফিস আহমেদ ও হামিদুর রহমান।
ছবিটি মুক্তি পায় ২০২৩ সালের মার্চ মাসে। পরের বছর ১৪ ফেব্রুয়ারি এটি অ্যামাজন প্রাইম ভিডিও-তে মুক্তি পায়, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমার জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। এছাড়া ভারতের ১৩তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ এটি অফিশিয়াল সিলেকশন হিসেবে মনোনীত হয়।
প্রবাসে জন্ম নেওয়া নতুন প্রজন্মের মাঝে ইতিহাসচেতনা জাগাতে এমন উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ‘ওরা ৭ জন’-এর মতো চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারবে বাংলাদেশের জন্মগাঁথা, সাহসী মানুষের আত্মত্যাগের গল্প।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
























Recent Comments