ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাকে সহায়তা হিসেবে চিকিৎসা সামগ্রী দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার বন্ধুত্ব এবং প্রতিবেশী সম্পর্কের স্বীকৃতি হিসেবে ১০ কোটি টাকার চিকিৎসা সামগ্রী দিয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনার রুয়ান্থি ডেলপিতিয়াকে ওষুধ সামগ্রী হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
ড. মোমেন এই চিকিৎসা সামগ্রী সহায়তাকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সংহতি ও বন্ধুত্বের বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য যেকোনো দেশকে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোকে সাহায্য করতে দ্বিধা করে না।
পররাষ্ট্রমন্ত্রী এ সময় সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ার ক্ষেত্রে শ্রীলঙ্কার সমর্থন জানানোর জন্য ধন্যবাদ জানান।
এ সময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর কন্যার পরিচয়ে নয়, সায়মা ওয়াজেদ নিজ যোগ্যতায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হয়েছেন। তার অভিজ্ঞতা, জ্ঞান বিশ্বের মানুষের স্বাস্থ্যসেবায় অবদান রাখবে, এটা আশা করে বাংলাদেশ।
শ্রীলঙ্কার হাইকমিশনার দেশটির জনগণের জন্য ওষুধ সরবরাহের এই বন্ধুত্বপূর্ণ পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের প্রতি তার সরকারের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন, শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয় এবং আগামী দিনে তা আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে গত ১১ অক্টোবর শ্রীলঙ্কাকে বিপুল পরিমাণে ওষুধ সহায়তা দেয় বাংলাদেশ। এর আগে ২০২২ সালের মে মাসে বাংলাদেশ সরকার দেশটিকে ২০০ মিলিয়ন ডলারের ওষুধ সরবরাহ করেছিল।
এর আগে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তাও দেয়। পরে দেশটি সুদসহ ঋণ পরিশোধ করে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments