ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।
সংসদে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব অনুযায়ী, আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। তবে ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
রেমিট্যান্সকে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা চালু হয়। এর মাধ্যমে দেশে রেমিট্যান্স প্রবাহের পথ তৈরি হয়।
তিনি আরও জানান, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, হুন্ডি প্রতিরোধ, অর্থ পাঠানোর খরচ কমানো এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে।
এ লক্ষ্যে দেশের তফসিলি ব্যাংকগুলোর সঙ্গে বিদেশের এক্সচেঞ্জ হাউজ ও মানি ট্রান্সফার অপারেটরগুলোর ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হয়েছে। এতে রেমিট্যান্স পাঠানোর নতুন নেটওয়ার্ক যুক্ত করা সহজ হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ছে এবং প্রতিযোগিতা বৃদ্ধির ফলে লেনদেন খরচ কমছে।
প্রধানমন্ত্রী বলেন, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে সরকার নগদ প্রণোদনা দিচ্ছে। এ ছাড়া কম খরচে রেমিট্যান্স পাঠানোর সুযোগ তৈরিতে এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সরাসরি গ্রাহকের ফরেন কারেন্সি (এফসি) হিসাবেও অর্থ পাঠানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে।
রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে নতুন প্রযুক্তি ও মাধ্যম চালুর লক্ষ্যে উদ্ভাবনী কার্যক্রমও চলমান রয়েছে বলে সংসদে জানান প্রধানমন্ত্রী।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



































Recent Comments