ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় সহজে ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে, কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় সহজে ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিকাশসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা (এমএফএস) এবং অন্যান্য মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের লক্ষ্যে পরিচালিত ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হয়।
তাই এ কর্মসূচির আওতায় ঋণ পাওয়ার নিশ্চয়তা দেওয়ার কথা বলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আর্থিক লেনদেন কিংবা অর্থ প্রদান না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ‘উদ্যোগ’ নামে বাংলাদেশ ব্যাংকের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল পেজ বা অ্যাকাউন্ট নেই।
কেউ এ নামে ভুয়া ফেসবুক পেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে প্রচলিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত আইনসহ প্রযোজ্য অন্যান্য আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রতারক চক্রের ফাঁদে পা না দিতে এবং এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হতে সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি সন্দেহজনক বা প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments