ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হাতিয়ায় প্রায় সাড়ে ১০ কোটি টাকা মূল্যের ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। গত সোমবার উপজেলার চেয়ারম্যান ঘাটের নীল বয়া এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ ও সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিতের অংশ হিসেবে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেল ৪টার দিকে হাতিয়া কোস্টগার্ডের একদল সদস্য উপজেলার চেয়ারম্যান ঘাট-সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় দুটি ফিশিং বোট থেকে প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জন জেলেকে আটক করা হয়। ফিশিং বোট দুটিও জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের আভিযানিক দল আরেকটি ফিশিং বোটকে ধাওয়া করলে জেলেরা তাদের ওপর হামলা চালায়। এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়। আটক জেলেদের থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, কোস্টগার্ড হাতিয়া স্টেশনের সদস্যরা থানায় ৩৩ জনকে সোপর্দ করেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হলে তা নথিভুক্ত করে মামলা গ্রহণ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments