ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এক শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্টের প্রতিকৃতি দেশটির মুদ্রায় স্থান পেয়েছে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত এক ডলারের একটি স্মারক মুদ্রা উন্মোচন করেছে মার্কিন মুদ্রা তৈরির সরকারি সংস্থা ইউএস মিন্ট।
যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার মুদ্রাটি উন্মোচন করা হয়। এতে ট্রাম্পের প্রতিকৃতির পাশাপাশি লেখা রয়েছে ‘ইন গড উই ট্রাস্ট’ বা ‘আমরা ঈশ্বরে বিশ্বাস রাখি’। ইউএস মিন্ট জানিয়েছে, ঐতিহাসিক এই বার্ষিকী সামনে রেখে তৈরি মুদ্রাটি দেশটির চেতনা, গর্ব ও ঐতিহ্যের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।
বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ইউএস মিন্টের ওয়েবসাইটে মুদ্রাটির মজুত শেষ হয়ে যায়। ২৫টি মুদ্রার একটি রোল ৬১ ডলার এবং ১০০টি মুদ্রার একটি ব্যাগ ১৫৪ দশমিক ৫০ ডলারে বিক্রি করা হচ্ছিল।
ইউএস মিন্ট জানিয়েছে, জাতীয় এই ঐতিহাসিক মাইলফলক উদযাপনের উদ্দেশ্যে মুদ্রাটি তৈরি করা হয়েছে। ওয়াশিংটন ডিসিতে ইউএস মিন্টের দোকানে থাকা স্বয়ংক্রিয় বিক্রয়যন্ত্রেও এসব মুদ্রা পাওয়া যাচ্ছে।
মুদ্রাগুলো দেখতে সোনালি হলেও এতে প্রকৃত সোনা ব্যবহার করা হয়নি। ইউএস মিন্টের তথ্য অনুযায়ী, এগুলো ৮৮ দশমিক ৫ শতাংশ তামা দিয়ে তৈরি। বাকি অংশে রয়েছে দস্তা, ম্যাঙ্গানিজ ও নিকেল।
এর আগে চলতি বছরের মে মাসে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত নতুন ২৫০ ডলারের নোট চালুর পরিকল্পনা করছে তার বিভাগ। তবে ফেডারেল আইন অনুযায়ী, জীবিত কোনো ব্যক্তির ছবি মার্কিন কাগুজে নোটে ছাপানো নিষিদ্ধ। ট্রাম্পের সহযোগীরা কংগ্রেসে এই নিষেধাজ্ঞার ব্যতিক্রম তৈরির লক্ষ্যে একটি আইনি প্রস্তাব তুললেও সেটি বর্তমানে স্থগিত রয়েছে।
তবে বেসেন্ট তখন জানিয়েছিলেন, এর আগেও একজন জীবিত মার্কিন প্রেসিডেন্ট দেশটির মুদ্রায় স্থান পেয়েছিলেন। ১৯২৬ সালে যুক্তরাষ্ট্রের ১৫০তম বার্ষিকী উপলক্ষে প্রকাশিত একটি অর্ধ-ডলার মুদ্রায় তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের প্রতিকৃতি ব্যবহার করা হয়েছিল।
ট্রাম্প প্রশাসন তার প্রথম মেয়াদের ‘সার্কুলেটিং কালেক্টেবল কয়েন রিডিজাইন অ্যাক্ট ২০২০’-এর কথাও উল্লেখ করেছে। ওই আইনে মুদ্রার পেছনের অংশে জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও সামনের অংশের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। নতুন এক ডলারের স্মারক মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি রাখা হয়েছে সামনের অংশে।
এদিকে ১৮৬৬ সালের ‘থেয়ার সংশোধনী’ অনুযায়ী, মার্কিন কাগুজে নোটে জীবিত কোনো ব্যক্তির প্রতিকৃতি ব্যবহার নিষিদ্ধ। তবে এই বিধান প্রচলিতভাবে ধাতব মুদ্রার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments