ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে ২৭টি ইরানি বিমান সংস্থাসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
মার্কিন ট্রেজারির অভিযোগ, ইরান সরকার তার বিমান চলাচল খাতকে অস্ত্র, জনবল ও অবৈধ পণ্য পরিবহনের কাজে ব্যবহার করে থাকে। এসব কার্যক্রমে সহায়তা করা এবং ইরানের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে ভূমিকা রাখার অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, ইরান সরকারকে আর্থিক সহায়তা বা ‘অর্থনৈতিক জীবনরেখা’ দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার যে প্রতিশ্রুতি ওয়াশিংটন দিয়েছিল, নতুন নিষেধাজ্ঞা তারই অংশ।
নতুন নিষেধাজ্ঞার তালিকায় ইরানের ২৭টি বিমান সংস্থা রয়েছে। পাশাপাশি দেশটির বিমান চলাচল খাতের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকটি প্রতিষ্ঠান ও সংস্থাকে তালিকাভুক্ত করা হয়েছে।
মার্কিন সরকারের অভিযোগ, এসব প্রতিষ্ঠান ইরান সরকারের জন্য আর্থিক ও কার্যক্রমগত সহায়তা দিয়ে আসছে। এর ফলে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হচ্ছে বলে দাবি ওয়াশিংটনের।
নিষেধাজ্ঞা ঘোষণার পর ইরানি বিমান সংস্থাগুলোর সঙ্গে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলোকেও সতর্ক করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
তিনি বলেন, ইরানের বিমান সংস্থাগুলোর সঙ্গে ব্যবসা করা যেকোনো প্রতিষ্ঠানের জন্য এটি একটি সতর্কবার্তা। এ ধরনের ব্যবসায়িক সম্পর্কের কারণে তারা বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের নিষেধাজ্ঞাপ্রাপ্ত বিমান সংস্থাগুলোর ওপর সরাসরি চাপের পাশাপাশি তাদের সঙ্গে ব্যবসা করা তৃতীয় দেশের প্রতিষ্ঠানগুলোকেও সতর্ক করছে।
নতুন পদক্ষেপের ফলে ইরানের বিমান চলাচল খাতের আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসায়িক অংশীদারদের ওপরও বাড়তি চাপ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments