ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লর্ডস টেস্টের পর আগামীকাল ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হতে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ। সিরিজে বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে বেন স্টোকসের দল, আর ভারত জয় পেলেই ফিরবে সমতায়।
ম্যাচের দুই দিন আগেই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন অভিজ্ঞ স্পিনার লিয়াম ডসন। দীর্ঘ আট বছর পর টেস্ট একাদশে ফিরলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। সবশেষ তিনি ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছিলেন।
ডসনের ফেরা মূলত নির্ভর করছে শোয়েব বশিরের ইনজুরির ওপর। লর্ডস টেস্টে শেষ উইকেট তুলে নিয়ে ম্যাচ জেতানো এই স্পিনারের আঙুলে চিড় ধরা পড়ে, যার ফলে তিনি সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন। তার জায়গায় ফেরানো হয়েছে অভিজ্ঞ ডসনকে।
ডসনের ফেরায় একাদশে জায়গা ধরে রেখেছেন পেসার ক্রিস ওকস। যদিও ধারণা করা হচ্ছিল, ইনজুরি কাটিয়ে ফেরা গাস অ্যাটকিনসন জায়গা পাবেন। তবে তাকে এখনই না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। লর্ডস টেস্ট দিয়ে চার বছর পর টেস্টে ফেরা জোফরা আর্চার থাকছেন এবারও একাদশে।
হ্যাম্পশায়ারের স্পিনার ডসন শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও দারুণ কার্যকর। প্রথম শ্রেণির ক্রিকেটে তার রয়েছে ৩৫.২৯ গড়ে ১৮টি সেঞ্চুরি। ডসনের প্রশংসা করে ইংলিশ তারকা ব্যাটার হ্যারি ব্রুক বলেন, ‘তিনি অভিজ্ঞতা ও দারুণ কৌশল নিয়ে আসবেন। অনেক দক্ষও বটে। সবসময়ই নজরে ছিলেন এবং এরই মাঝে খেলেছেন ১০০ ম্যাচ। টেস্ট খেলার জন্য অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং বেশ ভালো খেলোয়াড়। টি-টোয়েন্টি দলে ফেরার (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) আগে অবশ্য তিনি চিন্তিত ছিলেন এবং আমি নিশ্চিত একই পরিস্থিতি এই সপ্তাহেও হতে চলেছে।’
চতুর্থ টেস্টে ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স ও জোফরা আর্চার।
আরও পড়ুন: শোক নিয়ে মাঠে নামবেন লিটনরা
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments