শনিবার, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিক‘মৃত্যু ও ধ্বংস’ শেষের প্রার্থনা বিধ্বস্ত গাজায়
spot_img
spot_img

‘মৃত্যু ও ধ্বংস’ শেষের প্রার্থনা বিধ্বস্ত গাজায়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গাজার বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত বর্বরতায় বড়দিন উদযাপনের আমেজ হারিয়েছেন ফিলিস্তিনি খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। অধিকৃত পশ্চিম তীরের ছোট্ট শহর বেথলেহেমকে বড়দিনের রাজধানী হিসেবে বিবেচনা করা হলেও এ বছর দৃশ্যপট ভিন্ন। প্রতি বছরের মতো শহরটিতে এ বছর বড়দিনের কোনো আমেজ নেই। যেখানে অন্য সময় বড়দিন উপলক্ষে সড়কের মোড়ে মোড়ে ক্রিসমাস ট্রি থাকত, সেখানে এ বছর একরকম নিরানন্দ সময় পার করছেন স্থানীয় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।

গাজায় ইসরায়েলের ক্রমাগত হামলার ফলে শহরটিতে দ্বিতীয়বারের মতো জনসাধারণের জন্য বড়দিন উদযাপন বাতিল করা হয়েছে। স্থানীয় খ্রিষ্টানরা গির্জা বা পারিবারিক পরিসরে ছোট করে উদযাপন করেছেন এবারের বড়দিন। স্থানীয় এক ধর্মযাজক ড. মুনথার আইজ্যাক বলেছেন, বড়দিন আনন্দের সঙ্গে উদযাপিত হওয়া উচিত। তবে গাজায় নির্যাতিত মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করে বেথলেহেম এবার দুঃখের শহরে পরিণত হয়েছে।

কোথাও উৎসবমুখর আলোকসজ্জা হয়নি, উপত্যকার কোনো খ্রিষ্টান বাড়িতে রাখা হয়নি বড়দিন উদযাপনের অন্যতম অনুষঙ্গ ক্রিসমাস ট্রিও। তবুও পবিত্র বড়দিনের প্রার্থনায় অংশ নিতে মঙ্গলবার গাজার প্রধান শহর গাজা সিটির বৃহত্তম গির্জা গ্রিক অর্থোডক্স চার্চ অব সেইন্ট পরফিরিয়াসে জড়ো হয়েছিলেন শতাধিক খ্রিষ্টান ধর্মাবলম্বী। সেখানে গাজায় মৃত্যু ও ধ্বংস শেষের জন্য প্রার্থনা করেছেন তারা।

বড়দিন উপলক্ষে দ্বাদশ শতকে নির্মিত এই গির্জাটিতে প্রার্থনা করতে এসেছিলেন জর্জ আল সায়েফ। এএফপিকে তিনি বলেন, এই বড়দিন মৃত্যু ও ধ্বংসের দূষণে পরিপূর্ণ। এখানে কোনো আনন্দ নেই, উৎসবের আবহ নেই। আমরা এমনকি এও জানি না যে, আজকের এই প্রার্থনায় যারা এসেছে, তারা আগামীকাল পর্যন্ত বেঁচে থাকতে পারবে কিনা।

গাজা সিটির যে গির্জাটিতে বড়দিনের প্রার্থনা হয়েছে, ইসরায়েলি বাহিনীর গোলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেটিও। গত বছর অক্টোবরে ইসরায়েলি গোলা আঘাত হানে গির্জা চত্বরে, এতে নিহত হয়েছিলেন সেখানে আশ্রয় নেওয়া ১৮ জন ফিলিস্তিনি খ্রিষ্টান।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস গত সপ্তাহে সাপ্তাহিক প্রার্থনা শেষে এক বক্তব্যে বলেছিলেন, ‘দিনের পর দিন, মাসের পর মাস ধরে কী ভয়াবহ অত্যাচার চলছে গাজার বাসিন্দাদের ওপর! শিশু ও অসহায় বেসামকিরদের লক্ষ্য করে গুলি চলছে, স্কুল-হাসপাতালে বোমাবর্ষণ হচ্ছে।’ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার অবশ্য পোপের বক্তব্যের নিন্দা জানিয়েছেন। পোপ ফ্রান্সিসের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগও তুলেছেন তিনি।

বড়দিনের আগে সেখানে গাজায় ইসরায়েলি বর্বরতায় হতাহতের জন্য প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়েছে। মুনথার আইজ্যাক বলেছেন, এটা বিশ্বাস করা কঠিন যে, গাজায় গণহত্যা চলমান অবস্থায় আমাদের সামনে আরেকটি বড়দিন উপস্থিত হয়েছে।

ইসরায়েলের কড়া সমালোচনা করে তিনি বলেছেন, সিদ্ধান্ত গ্রহণকারীরা এই যুদ্ধ চালিয়ে যেতেই সন্তুষ্ট। কেননা, তাদের কাছে ফিলিস্তিনিরা অযোগ্য। গাজায় এক বছরের বেশি সময় ধরে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা। তবে এই অভিযোগ অস্বীকার করছে তেল আবিব।

এদিকে পশ্চিম তীরের ইসরায়েলি অধিকৃত শহর তুলকারমের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার এই অভিযান চালানো হয়। ফিলিস্তিনি ও ইসরায়েলি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments