ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে। এই ঘটনায় আহত হয়েছে ৫০ জনের বেশি। স্কুল-শিক্ষার্থীদের এমন মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম। যার রেশ ছুঁয়ে গেছে তারকাদের মাঝেও।
ফেসবুকে জয়া লিখেছেন, ‘আমি টেলিভিশনের দিকে তাকাতে পারছি না। এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায়, কীভাবে মেনে নেওয়া যায়! আহারে, এই বাচ্চাদের মা-বাবারা তাঁদের শূন্যতার ভার কীভাবে বইবেন। তাদের মনে শক্তির সঞ্চার ঘটুক। যে বাচ্চারা আহত হল, তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে, সেই প্রার্থনা রইল।
এর আগে ডা. তানজিনা হোসাইন তন্মীর একটি পোস্ট নিজের ফেসবুকে শেয়ার কয়েছেন জয়া আহসান। সেখানে লেখা, ‘যারা উদ্ধারকাজে অংশ নিচ্ছেন, আহতদের হাসপাতালে নিচ্ছেন, প্লিজ ড্যামেজ কমাতে প্রাথমিক চিকিৎসা দিন।
১. পোড়া ত্বকে ক্রমাগত পানি ঢালুন। ট্যাপের পানি বা বোতলের পানি যাই হোক। পারলে ৩০-৪৫ মিনিট পানি ঢালতে থাকুন।
২. একটা পরিস্কার সূতি কাপড় দিয়ে ঢেকে দ্রুত হাসপাতালে নিন। ইনফেকশন প্রিভেনশন এর জন্য যত কম ভিড় হয়, যত কম স্পর্শ করা যায় তত ভালো।
৩. পোড়া ত্বক প্রচুর পানি হারাতে থাকে তাই বার বার মুখে পানি ও স্যালাইন খেতে দিন। শেষে নেতা ও ভিউ ব্যবসায়ীরা ভিড় জমাবেন না!
জয়া ছাড়াও চিত্রনায়িকা তমা মির্জা লিখেছেন, ‘এই সময় দয়া করে ফায়ারসার্ভিস, বিমানবাহিনী, সেনাবাহিনী সহ যারা উদ্ধারকর্মী আছে ওনাদের তাদের কাজ করতে দেন, উৎসুক জনতার ভিড় যেন উদ্ধার কাজে বিঘ্নতা না ঘটায়।
ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যারা উত্তরার আশেপাশে আছেন, রক্ত দিতে পারবেন, তারা আশেপাশের হাসপাতালে চলে যান।
সংগীতশিল্পী কনা আবেগঘন স্ট্যাটাসে বলেন, ‘আল্লাহ সাহায্য করুন এবং তাদের হেফাজত করুন। শিশু, শিক্ষক ও তাদের পরিবারগুলোর জন্য দোয়া করছি।
সংগীতশিল্পী সাবরিনা পড়শীর কথায়, ‘উত্তরা মাইলস্টোন স্কুলে ট্রেনিং বিমান বিধ্বস্ত। শিক্ষার্থীসহ সকলের নিরাপত্তার জন্য দোয়া করছি। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন ও সুস্থতা দান করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments