ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মাত্র এক বছরের ব্যবধানে বাংলাদেশিদের বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে নাটকীয় পরিবর্তন দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চীনে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড খরচ বেড়েছে বহুগুণ, আর ভারতে তা বিপরীতভাবে কমেছে।
২০২৪ সালের মে মাসে ভারতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছিলেন ৭৬ কোটি টাকার বেশি। ২০২৫ সালের মে মাসে তা নেমে এসেছে মাত্র ২১ কোটিতে। অর্থাৎ ভারতে খরচ কমেছে প্রায় ৫৫ কোটি টাকা।
অন্যদিকে চীনে ব্যয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ২০২৪ সালের মে মাসে বাংলাদেশিরা চীনে মাত্র ৮ কোটি টাকা খরচ করেছিলেন। ২০২৫ সালের মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৪০ কোটি টাকার বেশি। শুধু এপ্রিল থেকে মে মাসের মধ্যে চীনে খরচ বেড়েছে প্রায় ২৯ কোটি টাকা।
বিশ্লেষকরা বলছেন, ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, ভিসা নীতি ও ভ্রমণ সীমাবদ্ধতার প্রভাব এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছে। বিপরীতে চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসার নতুন সুযোগের কারণে বাংলাদেশিরা চীনমুখী হচ্ছেন। তরুণ উদ্যোক্তা ও পর্যটকদেরও চীনমুখী হওয়ার প্রভাব ক্রেডিট কার্ড লেনদেনে স্পষ্ট।
সর্বাধিক খরচের তালিকায় যুক্তরাষ্ট্র এখনো শীর্ষে। ২০২৫ সালের মে মাসে দেশটিতে বাংলাদেশিদের ব্যয় দাঁড়িয়েছে ৫৩ কোটি টাকা। এরপরই চীন ৪০ কোটি, থাইল্যান্ড ৩৫ কোটি, যুক্তরাজ্য ৩৪ কোটি, সিঙ্গাপুর ৩২ কোটি, মালয়েশিয়া ২৪ কোটি, নেদারল্যান্ডস ১৭ কোটি, সৌদি আরব ১৭ কোটি, কানাডা ১৬ কোটি, সংযুক্ত আরব আমিরাত ১৩ কোটি এবং অস্ট্রেলিয়া ১২ কোটি টাকা।
মোট বিদেশি ক্রেডিট কার্ড খরচও কমেছে। ২০২৪ সালের মে মাসে বাংলাদেশিরা ৪৫৬ কোটি টাকা খরচ করেছিলেন, যা ২০২৫ সালের মে মাসে নেমে এসেছে ৩৮৬ কোটিতে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ড ব্যবহার সবচেয়ে বেশি হলেও ভারতে খরচ কমেছে। বিপরীতে চীনে অনেক বেড়েছে। এই পরিবর্তন কতটা স্থায়ী হবে, তা এখনই বলা যাচ্ছে না।
অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিদেশে ক্রেডিট কার্ড ব্যয়ের এই পরিসংখ্যান কেবল ভ্রমণ বা ব্যক্তিগত ব্যয় নয়, বরং আঞ্চলিক কূটনীতি ও বাণিজ্যিক সম্পর্কের দিকনির্দেশও প্রতিফলিত করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ





























Recent Comments