নিজস্ব প্রতিবেদক: অবশেষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খুঁজে পেয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হককে নতুন এমডি হিসাবে নির্বাচিত করেছে ডিএসইর পরিচালনা পর্ষদ।
জানা গেছে, কাজী সানাউল হককে নিয়োগের বিষয়ে ডিএসইর পরিচালনা পর্ষদের একটি অংশের ঘোর আপত্তি ছিল। যা নিয়ে আজকের পর্ষদ সভায় আলোচনা হয় এবং পর্ষদের সদস্যদের মধ্যে বাগবিতন্ডা হয়। এরমধ্য দিয়েই কাজী সানাউল হককে এমডি পদে নিয়োগ দেওয়ার অনুমোদন চেয়ে বিএসইসিতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই। চিঠিতে কাজী সানাউল হককে নিয়োগ দিতে চাওয়ার পক্ষের এবং তাকে নিয়োগ দিতে না চাওয়ার বিপক্ষের বিষয়গুলো তুলে ধরা হবে। এসব বিষয় বিবেচনা করে অনুমোদন দেবে বিএসইসি।
ডিএসই জানায়, আগামী ১২ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন এমডি নিয়োগের অনুমোদন চেয়ে চিঠি দেবে ডিএসই। এতে কাজী সানাউল হককে নিয়োগ দেওয়ার পক্ষে-বিপক্ষে বিষয়গুলো তুলে ধরা হবে। এর আগে গত মঙ্গলবার ডিএসইর এমডি পদে নিয়োগ দিতে দুই জনকে বাছাই করে নমিনেশন অ্যান্ড রিমুনারেশন কমিটি (এনআরসি) ।
বিএসইসি এমডি নিয়োগের জন্য ডিএসইকে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। এ সময় ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আব্দুল মতিন পাটোয়ারী। আলোচ্য সময়ের মধ্যে এমডি নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ডিএসইকে নির্দেশ দিয়েছে কমিশন।
উল্লেখ্, এর আগে দুই দফায় বিজ্ঞপ্তি দিয়েও যোগ্য এমডি খুঁজে পায়নি ডিএসই। অন্যদিকে ডিএসইর এমডি পদে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে বেতনভাতা থেকে যাবতীয় সুযোগ সুবিধা বাড়ানোর সুপারিশ করতে যাচ্ছে ডিএসইর পরিচালনা পর্ষদ। এমডি নিয়োগে পত্রিকায় দুই দফা বিজ্ঞপ্তি দিয়েছিল ডিএসই। দুই দফায় আবেদন থেকে ৭ জন প্রার্থীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। এসব প্রার্থীদের সাক্ষাতকার নিয়ে প্রাথমিকভাবে ৩ জনের নাম চূড়ান্ত করে পর্ষদে পাঠায় নিয়োগ সংক্রান্ত নমিনেশন অ্যান্ড রিমুনারেশন কমিটি (এনআরসি)। কিন্তু এ তিনজন প্রার্থী থেকে এমডি নিয়োগে সক্ষম হয়নি পর্ষদ। আর এজন্য এ পদে নিয়োগের জন্য ৩ মাস সময়ের জন্য বিএসইসিতে আবেদন করার সিদ্ধান্ত নেয় ডিএসই।
এরআগে ডিএসই এমডি নিয়োগের জন্য দুবার করে সার্কুলার জারি করা হয়। প্রথম বার গত ৭ আগস্ট বিজ্ঞপ্তি দেয় ডিএসই কর্তৃপক্ষ। এতে আগ্রহী প্রার্থীদের ১ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল। যেখানে ১৬ জন আবেদন করেছিলেন। কিন্তু তাদের কাউকে যোগ্য মনে করেনি ডিএসইর পরিচালনা পর্ষদ ও নমিনেশন অ্যান্ড রিমিউনারেশন কমিটি (এনআরসি)। যে কারণে যোগ্য এমডি খুঁজে পেতে আবারও বিজ্ঞপ্তি দেওয়া হয় গত ৮ সেপ্টেম্বর। সেখানে আগ্রহী প্রার্থীদেরকে গত ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়।
উল্লেখ্য, ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক করতে ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিমের পর দ্বিতীয় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০১৬ সালের ২৯ জুন নিয়োগ পান কে এ এম মাজেদুর রহমান। তার মেয়াদ শেষ হয়েছে গত ১১ জুলাই। এরপর থেকেই পদটি খালি রয়েছে। বর্তমানে ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আবদুল মতিন পাটোয়ারী ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডেইলি শেয়ারবাজার.কম/এমএইচ





























Recent Comments