ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠনের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)। নবনিযুক্ত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে দেওয়া এক আনুষ্ঠানিক পত্রে এই আবেদন জানানো হয়। সংগঠনের সভাপতি এস এম ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মানিক স্বাক্ষরিত এই চিঠিটি গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) পাঠানো হয়েছে।
সংগঠনটি তাদের চিঠিতে উল্লেখ করেছে যে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শেয়ারবাজারের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ায় সাধারণ বিনিয়োগকারীরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। নির্বাচনের পর প্রথম কার্যদিবসেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থান এবং লেনদেনের ব্যাপক বৃদ্ধি সেই ইতিবাচক প্রত্যাশারই প্রমাণ দেয়। তবে বিনিয়োগকারীদের এই আশাকে বাস্তবে রূপ দিতে নিয়ন্ত্রক সংস্থার সংস্কার অপরিহার্য বলে মনে করে সংগঠনটি।
চিঠিতে বর্তমান কমিশনের কড়া সমালোচনা করে বলা হয়েছে, বর্তমান নেতৃত্বের অধীনে বাজারে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা বা আস্থার পরিবেশ তৈরি হয়নি। বিশেষ করে ২০২৪ সালের পরবর্তী সময়ে গঠিত এই কমিশনের বিভিন্ন কর্মকাণ্ডে আস্থার সংকট আরও ঘনীভূত হয়েছে, যার ফলে সাধারণ বিনিয়োগকারীরা তাদের স্বার্থহানির শিকার হয়েছেন।
বিসিএমআইএ মনে করে, একটি শক্তিশালী ও স্বচ্ছ বাজার গড়ে তুলতে হলে বিএসইসিতে অভিজ্ঞ, দক্ষ ও সৎ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া জরুরি। অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে তারা বলেন, শিল্পায়ন, নতুন কর্মসংস্থান এবং বিনিয়োগ বৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হলো একটি আধুনিক শেয়ারবাজার। তাই বাজারের দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে অর্থমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ এবং দ্রুত প্রয়োজনীয় সংস্কার পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
পরিশেষে, সরকারের সময়োপযোগী উদ্যোগে শেয়ারবাজার আবার প্রাণ ফিরে পাবে এবং একটি জ্ঞাননির্ভর ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছে বিনিয়োগকারীদের এই সংগঠনটি।
































Recent Comments