বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদবিনিয়োগ শিক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান বিএসইসির
spot_img
spot_img

বিনিয়োগ শিক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান বিএসইসির

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভবিষ্যতের শেয়ারবাজারকে সুস্থ ও স্থিতিশীল রাখতে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, সময়োপযোগী জ্ঞান ও সঠিক দিকনির্দেশনা পেলে তরুণ প্রজন্ম দায়িত্বশীল বিনিয়োগকারী হিসেবে গড়ে উঠবে এবং আগামী দিনে বাজারের নেতৃত্ব দিতে পারবে।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত আর্থিক জ্ঞানভিত্তিক শর্ট ভিডিও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে কমিশনের অন্যান্য কমিশনার, জুরিবোর্ড সদস্য, নির্বাহী পরিচালক ও পরিচালকসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

বিএসইসি চেয়ারম্যান আরও জানান, সঠিক সময়ে উপযুক্ত আর্থিক শিক্ষা প্রদান করা গেলে তরুণরা ভবিষ্যতে সচেতন ও দায়িত্বশীল বিনিয়োগকারী হিসেবে গড়ে উঠবে। তিনি বলেন, এই প্রতিযোগিতা শুধুমাত্র একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং এটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ। এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চালু রাখার মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের মধ্যে বিনিয়োগ বিষয়ে জ্ঞান ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে তিনটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৯টি পুরস্কার এবং ১০টি উৎসাহ পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা যথাক্রমে ৬০ হাজার, ৪৫ হাজার ও ৩০ হাজার টাকা পুরস্কার পান। এছাড়া উৎসাহ পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকে পান ১৫ হাজার টাকা করে। শেষে বিজয়ীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও চেক তুলে দেওয়া হয়।

স্বাগত বক্তব্যে বিএসইসি কমিশনার ফারজানা লালারুখ বলেন, একটি শক্তিশালী ও টেকসই শেয়ারবাজার গড়ে তুলতে বিনিয়োগকারীদের জ্ঞান ও সচেতনতা অপরিহার্য। এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণরা তাদের সৃজনশীলতার পরিচয় দেওয়ার পাশাপাশি দেশজুড়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জুরিবোর্ডের সদস্য এবং দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বিন জুলফিকার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি এসব ভিডিও টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারের আহ্বান জানান। একই সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার প্রতিযোগীদের বৈচিত্র্যময় উপস্থাপনার প্রশংসা করেন এবং বলেন, তরুণদের সৃজনশীলতা আর্থিক শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‘সুস্থ শেয়ারবাজার ও সমৃদ্ধ অর্থনীতি’ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশের দল ‘নতুন বাংলাদেশ’। দ্বিতীয় হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দল ‘লুজার’ এবং তৃতীয় স্থান পায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘জিএম স্টুডিওস’ দল।

‘শেয়ারবাজারে ঝুঁকি’ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘টিম স্বপ্ন’। দ্বিতীয় হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সিনেমা আর্ট’ এবং তৃতীয় স্থান পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ ফাইন্যান্স’ দল।

‘সচেতনতা বৃদ্ধি’ ক্যাটাগরিতে প্রথম হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘দ্য ব্লাইন্ড মেন’। দ্বিতীয় স্থান অর্জন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘আকাতসুকি’ এবং তৃতীয় হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ‘ইনফরমেশন স্করপিয়ন’ দল।

এছাড়া ‘প্রগতি’, ‘স্টক সেনসেই’, ‘এআর স্টুডিও’, ‘টিম আদরবাদর’, ‘ফিনফ্লিক্স’, ‘টিম অর্থসূত্র’, ‘টিম ক্রাইসিস’, ‘টিম এলোমেলো’, ‘টিম ফিনলিট’ এবং ‘টিম মুগ্ধ’—এই দশটি দল উৎসাহ পুরস্কার অর্জন করেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments