
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
আগামী মার্চের ১ তারিখ থেকে সিলেট সিটি কর্পোরেশনে ই-নথি কার্যক্রম চালু হচ্ছে বলে জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। এর ফলে দ্রুত নাগরিক সেবা প্রদানে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে জানান তিনি।
বুধবার থেকে সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের দুই দিনব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রথম দফায় বিভিন্ন বিভাগের ৩০ জন কর্মকর্তা-কর্মচারী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। পর্যায়ক্রমে সিসিকের সবকয়টি বিভাগের সকল কর্মকর্তা কর্মকর্তাচারীর ই-নথি বিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে।
মেয়র আরিফ বলেন, ক্রমান্বয়ে সিসিকের সব কার্যক্রম ই-নথি’র আওতায় আনা হবে। এ জন্য দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) বিধায়ক রায় চৌধুরী বলেন, সিলেট সিটি কর্পোরেশন ই-নথি কার্যক্রম শুরুর মধ্য দিয়ে এক ধাপ এগিয়ে গেল। শিগগির সিসিকের সবকটি ওয়ার্ডে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করা হবে।
এর আগে নগর ভবনে অত্যাধুনিক সুবিধা সম্বলিত ‘আধুনিক কম্পিউটার ল্যাবের’ উদ্বোধন করেন মেয়র। পরে তিনি একটি ই-নথি পর্যবেক্ষণ করেন এবং ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে যথাযথ নির্দেশনা দেন।
























Recent Comments