ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু ও সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
শনিবার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গভর্নর মোস্তাকুর রহমান। তিনি জানান, এ উদ্যোগের মাধ্যমে প্রায় ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলে আশা করা হচ্ছে।
গভর্নর বলেন, নতুন এ তহবিলের আওতায় ঋণে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে। ফলে গ্রাহক পর্যায়ে ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ। মোট ৬০ হাজার কোটি টাকার মধ্যে ৪১ হাজার কোটি টাকা আসবে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে এবং বাকি ১৯ হাজার কোটি টাকা থাকবে পুনঃঅর্থায়ন তহবিল হিসেবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, এই অর্থায়ন কেবল বন্ধ শিল্প পুনরায় চালুর জন্যই নয়, কৃষি, পোশাক শিল্প, সিএমএসএমই এবং পরিবেশবান্ধব ও সৃজনশীল অর্থনীতির বিভিন্ন খাতেও ব্যবহার করা হবে। এতে দেশের জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত হওয়া এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে।
সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাকুর রহমান আরও দাবি করেন, দেশের আর্থিক খাতে বড় ধরনের অনিয়ম হয়েছে। তিনি বলেন, “দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ অপচয় ও চুরি হয়েছে, যার পরিমাণ প্রায় ৫ লাখ কোটি টাকা। ঋণের একটি বড় অংশ আর ফিরে আসেনি।”
তিনি আরও উল্লেখ করেন, এসব অনিয়মের বিপরীতে পর্যাপ্ত আর্থিক সম্পদ নিশ্চিত করা সম্ভব হয়নি, যা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম


























Recent Comments