ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাস্তব জীবনে বলিউডের অন্যতম তারকা দম্পতি তারা। প্রেম, বিয়ে ও সফল ক্যারিয়ার– সব মিলিয়ে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দীর্ঘদিন ধরেই আলোচনায়। তবে এবার বড় পর্দায় একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে যাচ্ছেন এই তারকা জুটি।
আগামী ২৮ আগস্ট মুক্তির জন্য নির্ধারিত হয়েছে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত সিনেমা ‘ভ্যান: ফোর্স অব দ্য ফরেস্ট’। একই সময়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে দক্ষিণ ভারতের সুপারস্টার ইয়াশ ও কিয়ারা আদভানি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর। ফলে বক্স অফিসে স্বামী-স্ত্রীর সরাসরি লড়াই দেখার অপেক্ষায় আছেন দর্শক।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বলিউডের সবচেয়ে আলোচিত বক্স অফিস প্রতিযোগিতাগুলোর একটি হতে পারে এটি। কারণ দুটি ছবিই বড় বাজেটের এবং দর্শকদের প্রত্যাশাও আকাশছোঁয়া।
‘ভ্যান’-এ সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে দেখা যাবে অভিনেত্রী তামান্না ভাটিয়াকে। লোককাহিনি, রহস্য ও অতিপ্রাকৃত উপাদানে নির্মিত এই ছবিতে সিদ্ধার্থকে একেবারে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। ছবিটি নিয়ে নির্মাতাদের আত্মবিশ্বাসও বেশ দৃঢ়। সম্প্রতি ছবির কিছু গুরুত্বপূর্ণ অংশ পুনরায় ধারণ করা হয়েছে, যাতে গল্পের নাটকীয়তা আরও শক্তিশালী হয়।
অন্যদিকে ‘টক্সিক’ কিয়ারা আদভানির ক্যারিয়ারের অন্যতম বড় প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা গীতু মোহনদাস পরিচালিত ছবিটিতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ‘কেজিএফ’-খ্যাত অভিনেতা ইয়াশ। দীর্ঘদিন ধরেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। কিয়ারা নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, এই ছবির চরিত্রটির জন্য তাঁকে বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে এবং এটি তাঁর অভিনয়জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্রগুলোর একটি।
তবে লড়াইটা শুধু সিদ্ধার্থ ও কিয়ারার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। একই দিনে মুক্তির তালিকায় রয়েছে শ্রদ্ধা কাপুর অভিনীত ‘ঈথা’ নামে আরেকটি বড় বাজেটের ছবি। ফলে ২৮ আগস্ট বক্স অফিসে ত্রিমুখী প্রতিযোগিতার সম্ভাবনা তৈরি হয়েছে।
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের মতে, একই দিনে একাধিক বড় ছবি মুক্তি পেলে হল সংখ্যা ও দর্শক বিভাজনের প্রভাব পড়তে পারে ব্যবসায়। সে কারণে শেষ মুহূর্তে কোনো একটি ছবির মুক্তির তারিখ পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। যদিও এখন পর্যন্ত নির্মাতারা নিজেদের অবস্থানে অনড়।
উল্লেখ্য, ২০২১ সালে মুক্তি পাওয়া ‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে কাছাকাছি আসেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। পরে ২০২৩ সালে রাজস্থানের জয়সালমেরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এরপর থেকে বলিউডের সবচেয়ে জনপ্রিয় দম্পতিদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন এই দুই তারকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ




























Recent Comments