ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ঠেকাতে ‘ফ্যামিলি ট্রি’ (Family Tree) বা পারিবারিক তথ্যভিত্তিক নতুন ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যবস্থা চালু হলে নতুন ভোটার হতে আবেদনকারীদের পিতা-মাতার পাশাপাশি ভাই-বোনদের এনআইডি তথ্যও জমা দিতে হবে।
ইসি কর্মকর্তাদের বরাতের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ভোটার নিবন্ধনের সময় আবেদনকারীদের শুধু পিতা ও মাতার এনআইডি তথ্য দিতে হয়। নতুন ব্যবস্থায় পরিবারের অন্যান্য সদস্য, বিশেষ করে ভাই-বোনদের তথ্যও যুক্ত করা হবে।
ইসি বলছে, এ উদ্যোগের মূল লক্ষ্য বিদেশি নাগরিক, বিশেষ করে রোহিঙ্গাদের ভুয়া পরিচয়ে এনআইডি সংগ্রহ রোধ করা এবং দেশের ভেতরে পরিচয়সংক্রান্ত জালিয়াতি কমানো।
কর্মকর্তাদের মতে, বর্তমানে দালালচক্র অনেক সময় আবেদনকারীর পিতা-মাতার তথ্য সংগ্রহ করে ভুয়া কাগজপত্র তৈরি করতে সক্ষম হয়। কিন্তু ভাই-বোনদের এনআইডি তথ্যও বাধ্যতামূলক হলে সার্ভারে পারিবারিক তথ্য মিলিয়ে সহজেই যাচাই করা যাবে।
এছাড়া পিতা-মাতার নাম বা অন্যান্য পরিচয় পরিবর্তনের ক্ষেত্রে ভুয়া তথ্য ব্যবহার করাও কঠিন হবে। কারণ পরিবারের অন্য সদস্যদের এনআইডিতে থাকা তথ্যের সঙ্গে মিলিয়ে যাচাই করা সম্ভব হবে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা একটি ফ্যামিলি ট্রি করার পরিকল্পনা করছি। আবেদনকারীকে পিতা-মাতা এবং ভাই-বোনদের এনআইডি তথ্য দিতে হবে। এতে এনআইডি জালিয়াতি কমবে এবং পরিবারের তথ্য একসঙ্গে সংরক্ষণ করা যাবে। ভবিষ্যতে ওয়ারিশ-সংক্রান্ত সেবাও সহজ হবে।’
তিনি জানান, বিষয়টি বর্তমানে পর্যালোচনায় রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
পিতা-মাতার নামের বানানে ভাই-বোনদের এনআইডিতে অমিল থাকলে সবাইকে একসঙ্গে সংশোধনের আবেদন করার সুযোগ থাকবে বলেও জানান ইসি সচিব।
বর্তমানে নির্বাচন কমিশনের এনআইডি সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য রয়েছে। সরকারি-বেসরকারি প্রায় ২০২টি প্রতিষ্ঠান পরিচয় যাচাইয়ের জন্য ইসির তথ্যভান্ডার ব্যবহার করে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ





























Recent Comments