ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরান-ইসরায়েল সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভর্তুকির চাপ কমাতে বিদ্যুতের দামে সমন্বয় করতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মারদিয়া মমতাজের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মারদিয়া মমতাজ বলেন, ২০২৩-২৪ অর্থবছরে বিদ্যুৎ খাতের ভর্তুকির বড় একটি অংশ এমন কিছু বিদ্যুৎকেন্দ্রের পেছনে ব্যয় হয়েছে, যেগুলো বিদ্যুৎ উৎপাদন না করলেও ক্যাপাসিটি চার্জ পাচ্ছে।তিনি জানতে চান, আগামী অর্থবছরে এ ব্যয় কমাতে সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কি না।
জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, আগের সরকার বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর সঙ্গে সোভেরেন গ্যারান্টিসহ চুক্তি করেছে। ফলে এসব চুক্তি বাতিল করা সহজ নয় এবং এ প্রক্রিয়া সময়সাপেক্ষ।
তিনি বলেন, সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করছে, যাতে লেট পেমেন্ট ফিসহ কিছু আর্থিক দায় কমানো যায়।
মন্ত্রী আরও জানান, বিদ্যুৎ অবকাঠামোর সঙ্গে যুক্ত কেন্দ্রগুলোর ক্ষেত্রে একতরফাভাবে কঠোর সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তবে বিদ্যমান চুক্তির মেয়াদ থাকাকালীন বিদ্যুতের দাম কমানোর উপায় খুঁজে বের করার চেষ্টা চলছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইরান-ইসরায়েল সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে।এর ফলে সরকারকে ভর্তুকির চাপ কমাতে মাঝে মাঝে বিদ্যুতের দামের সঙ্গে সমন্বয় করতে হচ্ছে। এ কারণেই বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম





























Recent Comments