ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রায় দুই দশকের বিরতি শেষে আবারও মিসরের মাটিতে ফিরছেন কলম্বিয়ান পপ সুপারস্টার শাকিরা। আগামী ২৮ নভেম্বর বিশ্বখ্যাত গিজার পিরামিডের পাদদেশে একটি বিশেষ কনসার্টে সংগীত পরিবেশন করবেন তিনি।
ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ এই ঐতিহাসিক স্থানে কনসার্টটির আয়োজন করছে ‘ভেনচার লাইফস্টাইল’। ২০০৭ সালে একই স্থানে সর্বশেষ পারফর্ম করেছিলেন শাকিরা। সে হিসেবে প্রায় ১৯ বছর পর আবার মিসরের দর্শকের সামনে মঞ্চে উঠতে যাচ্ছেন এই বিশ্বতারকা।
আয়োজক প্রতিষ্ঠান এর আগে মধ্যপ্রাচ্যে জেনিফার লোপেজ, জন লিজেন্ড, কেটি পেরি ও ডেমি লোভাটোর মতো আন্তর্জাতিক তারকাদের কনসার্টেরও আয়োজন করেছে। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হচ্ছে শাকিরার বিশেষ এই পরিবেশনা।
আরও পড়ুন
মূলত তার সাম্প্রতিক অ্যালবাম ‘লাস মুহেরেস ইয়া নো ইয়োরান’ প্রকাশের পর চলমান বিশ্ব সফরের অংশ হিসেবেই মিসরে যাচ্ছেন শাকিরা। নতুন অ্যালবাম প্রকাশের পর বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে কনসার্ট করছেন তিনি।
তিন দশকের বেশি সময়ের সংগীতজীবনে শাকিরা ৯ কোটি ৫০ লাখের বেশি রেকর্ড বিক্রি করেছেন। জিতেছেন একাধিক গ্র্যামি ও লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ড। লাতিন সংগীতের ইতিহাসে সবচেয়ে সফল শিল্পীদের একজন হিসেবে তিনি বিশ্ব জুড়ে সমাদৃত।
মিসরে ফেরার অনুভূতি প্রকাশ করে এক বিবৃতিতে শাকিরা বলেন, ’আমি মিসরে, গিজার পিরামিডে পারফর্ম করতে যাচ্ছি— এটি ভেবেই ভীষণ আনন্দিত। তোমাদের সবাইকে ভালোবাসি।’
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ





























Recent Comments