ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। পাকিস্তানকে ৯০ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল ক্যারিবীয়রা। এই জয়ের মধ্য দিয়ে বেশ কিছু রেকর্ড গড়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
ত্রিনিদাদে অ্যান্ড টোবাগোতে টস জিতে প্রথমে ইনিংসে ব্যাট করে শাই হোপ ও কেভম হজের ৯২ ও ৮৪ রানের ইনিংসে ভর করে ৩১১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে শান মাসুদের সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটে ২৪৪ রান করা পাকিস্তান; এরপর মাত্র ৩৮ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ২৮২ রানে অলআউট হয়।
প্রথম ইনিংসে ২৯ রানে লিড পাওয়ায় উইন্ডিজ; দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৮১ রানে অলআউট হয়। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২১১ রান। টার্গেট তাড়া করতে নেমে অধিনায়ক বাবর আজম উইকেটের এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তের ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় ১২০ রানে অলআউট হয় পাকিস্তান।
পাকিস্তানকে ৯০ রানে হারানোর ম্যাচে বেশ কিছু রেকর্ড হয়েছে, সংখ্যার গল্পে সেই রেকর্ডগুলো তুলে ধরা হলো-
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ইনিংসে ২১১ রানের লক্ষ্য তাড়া করে হেরেছে পাকিস্তান। চতুর্থ ইনিংসে এটি পাকিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন লক্ষ্য, যেখানে তাড়া করতে নেমে তারা হেরেছে। এর চেয়ে কম রানের লক্ষ্য তাড়া করে তারা হেরেছিল ২০১৭ সালে ব্রিজটাউনে, সেবার ১৮৮ রানের লক্ষ্য পেরোতে পারেনি।
সর্বশেষ ১১ টেস্টে এটি ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় জয়। আগের জয়টি এসেছিল সর্বশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে। এ সময়ে তারা হেরেছে ৭টি টেস্ট, আর ২টি ম্যাচ ড্র হয়েছে।
টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে চতুর্থবারের মতো ৫ উইকেট নিলেন জেডেন সিলস। পাশাপাশি ২০১৮ সালে কিংস্টনে বাংলাদেশের বিপক্ষে জেসন হোল্ডারের ৬ উইকেটের পর ঘরের মাঠে টেস্টের চতুর্থ ইনিংসে কোনো ওয়েস্ট ইন্ডিজ পেসারের এটাই প্রথম পাঁচ উইকেট।
চতুর্থ ইনিংসে ১২০ রানে অলআউট হয় পাকিস্তান। এটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের পঞ্চম সর্বনিম্ন স্কোর। আগের সর্বনিম্ন ইনিংসগুলো ৭৭ (লাহোর, ১৯৮৬), ৮১ (ব্রিজটাউন, ২০১৭), ১০৪ (লাহোর, ১৯৫৯) এবং ১০৬ (ব্রিজটাউন, ১৯৫৮)।
ক্যারিবীয় অঞ্চলের ক্রিকেটে এই প্রথম কোনো ম্যাচে ৪০ উইকেটের সব নিয়েছেন পেসাররা। এর আগে বিশ্ব ক্রিকেটে এমন ঘটনা ঘটেছে মাত্র পাঁচবার।
২০২৩ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের বাইরে টেস্ট জয়ের পর প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা আটটি টেস্ট হারল পাকিস্তান। দেশের বাইরে টেস্টে এটিই তাদের ইতিহাসের দীর্ঘতম টানা হারের ধারা।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments