ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মোহাম্মদ শাহজাহান এফসিএস, সিআইপিএফএ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত ১২৩তম কাউন্সিল সভায় ২০২৫-২০২৮ কাউন্সিলের অবশিষ্ট মেয়াদ (৪ আগস্ট ২০২৬-৯ অক্টোবর ২০২৮) এর জন্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে তিনি বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়, রংপুরের বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক (ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস-ডিসিএ) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা এবং ২ জুলাই ২০০৫ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিশ্ব ব্যাংক ও ইফাদ অর্থায়নে পরিচালিত এনএটিপি-২ প্রজেক্টে পাঁচ বছর কনসালট্যান্ট (ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট) হিসেবে লিয়েনে কর্মরত ছিলেন।
মোহাম্মদ শাহজাহান বাংলাদেশ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (আইডিডি) থেকে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট (পাবলিক ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স)-এ এমএসসি ডিগ্রি অর্জন করেন।
মোহাম্মদ শাহজাহান দেশি-বিদেশি বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট্যান্সি (সিআইপিএফএ)-এর সদস্য, যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব ফিন্যান্সিয়াল কনসালট্যান্টস (আইএফসি)-এর সদস্য। বর্তমানে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন (বিএএ)-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments