ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নামিবিয়ায় চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দারুণ ধারাবাহিকতার পুরস্কার পেলেন ডেওয়াল্ড ব্রেভিস। আইসিসির টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। অন্যদিকে টেস্টে দুর্দান্ত বোলিং করে প্রায় তিন বছর পর শীর্ষ পাঁচে ফিরেছেন ইংল্যান্ডের অলি রবিনসন।
পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি।
নামিবিয়ার বিপক্ষে ৭৫ রানের ইনিংস দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেন ব্রেভিস। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচে অপরাজিত ৭৫ ও ৪১ রান করেন তিনি। ধারাবাহিক এই পারফরম্যান্সে ছয় ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন ব্রেভিস। এর আগে তার ক্যারিয়ার সেরা অবস্থান ছিল অষ্টম।
টি-টোয়েন্টির অন্য বিভাগগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের ইশান কিষান। বোলারদের তালিকায় যথারীতি এক নম্বরে আফগানিস্তানের রাশিদ খান। অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
এদিকে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে বল হাতে দুর্দান্ত ছন্দে আছেন রবিনসন। সিরিজের প্রথম দুই টেস্টেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ইংলিশ এই পেসার। সিরিজ শুরুর পর থেকে র্যাঙ্কিংয়ে ২২ ধাপ এগিয়েছেন তিনি।
লর্ডসে পাকিস্তানকে ১৯৪ রানে হারানোর ম্যাচে দুই ইনিংসেই চারটি করে উইকেট নেন রবিনসন। দুর্দান্ত এই পারফরম্যান্সে ছয় ধাপ এগিয়ে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে ক্যারিয়ার সেরা চতুর্থ স্থানে উঠেছিলেন রবিনসন। ওই বছরের জুলাইয়ের পর এবারই প্রথম শীর্ষ পাঁচে জায়গা করে নিলেন ডানহাতি এই পেসার। রবিনসনের সতীর্থ জশ টাংও র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থান অর্জন করেছেন। লর্ডসে পাঁচ উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন তিনি।
পাকিস্তানের হয়ে লর্ডস টেস্টে দারুণ বোলিং করা মোহাম্মাদ আব্বাস এগিয়েছেন ১০ ধাপ। দ্বিতীয় ইনিংসে পাঁচটিসহ ম্যাচে মোট নয় উইকেট নেওয়া এই পেসার যৌথভাবে বাংলাদেশের তাইজুল ইসলামের সঙ্গে ১৫তম স্থানে আছেন। পাকিস্তানের আরেক পেসার মোহাম্মাদ আলি ১১ ধাপ এগিয়ে ৮১ নম্বরে উঠেছেন।
কলম্বো টেস্টে ভারতের বিপক্ষে পারফরম্যান্সের সুবাদে চার ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দো। একই ম্যাচের পারফরম্যান্সে উন্নতি হয়েছে ভারতের স্পিনার মানাভ সুতার ও পেসার মোহাম্মাদ সিরাজেরও।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। জাসপ্রিত বুমরাহ তিনে নেমে যাওয়ায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে লর্ডসে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। জো রুট তিনে নেমে যাওয়ায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।
কলম্বো টেস্টে ভারতের বিপক্ষে ফলো-অনে পড়েও শ্রীলঙ্কাকে অবিশ্বাস্য ড্র এনে দেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সোনাল দিনুশা। দুই ইনিংসেই সেঞ্চুরি করা এই লঙ্কান ব্যাটার ২৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২৫তম স্থানে উঠে এসেছেন।
তার সতীর্থ কামিন্দু মেন্ডিস দুই ধাপ উন্নতি করে ১০ নম্বরে অবস্থান করছেন। এছাড়া পাকিস্তানের সাউদ শাকিল ১৫ ধাপ এগিয়ে ১৮তম, ভারতের দেবদূত পাডিক্কাল পাঁচ ধাপ এগিয়ে ৫৪তম এবং ধ্রুভ জুরেল ১৮ ধাপ এগিয়ে ৬৫তম স্থানে উঠে এসেছেন।
সবচেয়ে বড় লাফ দিয়েছেন শ্রীলঙ্কার পাসিন্দু সুরিয়াবান্দারা। কলম্বো টেস্টের দুই ইনিংসেই আশির কাছাকাছি রান করা এই ব্যাটার ১৭০ ধাপ এগিয়ে ৭৪তম স্থানে জায়গা করে নিয়েছেন।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments