বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিটাকা তুলতে ৩৭ হাজার গ্রাহকের আবেদন, মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত
spot_img
spot_img

টাকা তুলতে ৩৭ হাজার গ্রাহকের আবেদন, মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত পাওয়ার সুযোগ তৈরি হয়েছে গ্রাহকদের জন্য। তবে টাকা উত্তোলনের আগে সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় আবেদন করতে হচ্ছে। আবেদন গ্রহণ শুরুর দুই দিনের মধ্যেই প্রায় ৩৭ হাজার গ্রাহক আমানতের অর্থ ফেরত পেতে আবেদন করেছেন।

ব্যাংকটির একটি সূত্র জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) প্রায় ১৯ হাজার গ্রাহক টাকা উত্তোলনের জন্য আবেদন করেন। এর আগে মঙ্গলবার আবেদন জমা পড়ে প্রায় ১৮ হাজার। দুই দিনে মোট ৩৭ হাজার আবেদনে গ্রাহকদের চাওয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা।

ব্যাংক সূত্র আরও জানায়, জমা পড়া আবেদনগুলো যাচাই-বাছাই শেষে আগামী সোমবার থেকে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একীভূত হওয়ার পর সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের ব্যক্তিপর্যায়ের আমানতকারীরা তাদের জমা অর্থ উত্তোলনের সুযোগ পাচ্ছেন।

গ্রাহকদের আমানত ফেরতের জন্য অর্থের জোগান দেবে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে এ খাতে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

ব্যাংক খাতের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জরুরি সময়ে ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংককে যেভাবে তারল্য সহায়তা দেওয়া হয়েছিল, একই ধরনের ব্যবস্থায় সম্মিলিত ইসলামী ব্যাংককেও অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে এই সহায়তার পরিমাণ আরও বাড়ানো হতে পারে।

ব্যাংক কর্মকর্তারা জানান, নির্ধারিত নিয়ম অনুসরণ করেই গ্রাহকদের কাছ থেকে আমানত ফেরতের আবেদন নেওয়া হচ্ছে। এজন্য গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়ে আবেদন জমা দিতে হচ্ছে। আবেদন যাচাই-বাছাই শেষে নিয়ম অনুযায়ী পাওনা অর্থ পরিশোধ করা হবে। পুরো প্রক্রিয়ায় সর্বোচ্চ ১০ কার্যদিবস সময় লাগতে পারে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা চলতি ও সঞ্চয়ী হিসাবের অর্থের পাশাপাশি মেয়াদি আমানতের মূল টাকাও উত্তোলন করতে পারবেন।

তবে আমানতের বিপরীতে অর্জিত বা প্রাপ্য মুনাফা তাৎক্ষণিকভাবে উত্তোলন করা যাবে না। কোনো গ্রাহক মূল টাকা তুলে নিলে সংশ্লিষ্ট আমানতকে পূর্ণ ও চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়েছে বলে গণ্য করা হবে।

এ ছাড়া হস্তান্তরকারী ব্যাংকের কাছে কোনো গ্রাহকের ঋণ বা অন্য কোনো দায় থাকলে আমানতের টাকা ফেরতের আগে সেই দায়ের অর্থ আমানত থেকে সমন্বয় করা হবে।

যেসব গ্রাহক এখনই আমানতের টাকা তুলবেন না, তারা হিসাব চালু রাখলে চুক্তি অনুযায়ী প্রযোজ্য হারে মুনাফা পাওয়ার সুযোগ পাবেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগে কোনো মেয়াদি আমানত ভাঙালে মূল টাকা পাওয়া গেলেও ওই অর্থের ওপর মুনাফা দেওয়া হবে না। আর কেউ আমানতের একটি অংশ উত্তোলন করলে অবশিষ্ট অর্থের ওপর প্রযোজ্য নিয়ম অনুযায়ী মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান বলেন, গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক হয়েছে।

তিনি জানান, আবেদনগুলো যাচাই-বাছাইয়ের পর গ্রাহকদের মূলধন ফেরত দেওয়া হবে। যারা হিসাব চালু রাখবেন, তারা চুক্তি অনুযায়ী মুনাফাসহ অর্থ পাবেন।

ব্যাংক চেয়ারম্যান আরও বলেন, মুদারাবা ও চলতি হিসাবে কোনো টাকা কাটা হবে না। গ্রাহকদের আমানত ফেরতের পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করা হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments