ডেইলি শেয়ারবাজার ডেস্ক দেশকে পুনর্গঠনে তরুণ সমাজসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের ২৩ লাখ স্কাউট, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২২ হাজার সদস্য এবং প্রায় ৪ কোটি শিক্ষার্থী একসঙ্গে দেশ পরিবর্তনের উদ্যোগ নিলে কেউ তা ঠেকিয়ে রাখতে পারবে না।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি আপনাদের কাছে একটা সাহায্য চাই। আমি যতটুকু জানি, বাংলাদেশে স্কাউটের সংখ্যা প্রায় ২৩ লাখ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সদস্য সংখ্যা ২২ হাজার। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ কোটি। এবার আপনারা বলেন, আমরা এতগুলো মানুষ যদি দেশকে পুনর্গঠন করতে চাই, তাহলে কেউ কি আমাদের ঠেকিয়ে রাখতে পারবে? পারবে না।
দেশ গঠনে তরুণদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন সবাইকে ভাবতে হবে কীভাবে দেশকে আরও সুন্দরভাবে গড়ে তোলা যায়। কারণ, এই দেশেই সবাইকে থাকতে হবে এবং দেশকে নিজেদের জন্যই গড়ে তুলতে হবে।
একটি দেশের বিপুলসংখ্যক তরুণ সমাজ পরিবর্তনের উদ্যোগ নিলে তা বাস্তবায়ন করা সম্ভব উল্লেখ করে তারেক রহমান বলেন, তরুণরা যে পরিবর্তন ঘটাতে পারে, তা তারা ২০২৪ সালের ৫ আগস্ট সারা বিশ্বকে দেখিয়েছে। সেখান থেকেই পরিবর্তনের সূচনা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাস ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শতভাগ সফলতা হয়তো সম্ভব হবে না, তবে সম্মিলিত প্রচেষ্টায় ৮০ শতাংশ পর্যন্ত সফলতা অর্জন করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভাঙা ও পরিত্যক্ত জিনিসপত্র কিংবা বিভিন্ন পাত্রে পানি জমে থাকলে সেখানে এডিস মশার বংশবিস্তার ঘটে। তাই সবাই মিলে এসব জায়গা পরিষ্কার রাখতে পারলে ডেঙ্গুর পাশাপাশি বিভিন্ন রোগের ঝুঁকিও কমানো সম্ভব।
তিনি বলেন, অনুষ্ঠানে উপস্থিত কিংবা দেশের বিভিন্ন এলাকায় অনলাইনে যুক্ত থাকা কেউ যদি টিস্যু বা পানি খাওয়ার পর বোতল যেখানে-সেখানে ফেলে দেন, হয়তো তাৎক্ষণিকভাবে কেউ কিছু বলবে না। কিন্তু এভাবে ময়লা জমতে থাকলে একসময় তা দেখতে যেমন খারাপ লাগবে, তেমনি সেখান থেকে রোগজীবাণুও ছড়িয়ে পড়বে।
প্রধানমন্ত্রী বলেন, কেউ হয়তো ভাবতে পারেন, ময়লা-আবর্জনা থেকে তার কী হবে। কিন্তু ওই ময়লার কারণে নিজের কোনো আপনজন বা প্রিয় মানুষ অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই নিজেদের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে সবাইকে সচেতন হতে হবে।
পরিচ্ছন্নতার কাজকে কঠিন কিছু নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, আজ হয়তো কিছুটা কষ্ট হবে। কিন্তু প্রত্যেকে যদি প্রতি সপ্তাহে মাত্র এক ঘণ্টা নিজের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা কর্মস্থল পরিষ্কার করার জন্য দেন, তাহলে দ্রুতই দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।
তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালে তরুণরা দেখিয়েছে কীভাবে দেশ পরিবর্তন করতে হয় এবং সেই পরিবর্তন বাস্তবায়িত হয়েছে। এবার তরুণদের সামনে এগিয়ে এসে রাষ্ট্র ও দেশকে পুনর্গঠনের কাজে অংশ নিতে হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments