ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে কলকাতায় এসেছে ব্রাজিল। আজ সন্ধ্যায় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রীতিম্যাচে মুখোমুখি হবেন ভিনিসিয়ুস-গিমারেসরা। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা ভারতকে সমীহ করে কথা বলেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তাঁর মতে, পানামার বিপক্ষে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্সই তাদের সামর্থ্যের প্রমাণ। কদিন আগে র্যাঙ্কিংয়ে ৪৪তম পানামার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ভারত।
ফিফা র্যাঙ্কিংয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আছে পঞ্চম স্থানে, আর ভারত ১৩৮তম। দুই দেশের সিনিয়র জাতীয় দল ফুটবল ইতিহাসে এই প্রথম মুখোমুখি হচ্ছে। অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলে গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত পৌনে ৯টায় কলকাতায় নামে ব্রাজিল দল। গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় একটি হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হন আনচেলত্তি। এর আগে ভারতের কোচ খালিদ জামিলকে জড়িয়ে ধরে স্বাগতিকদের মন জিতে নেন ইতালিয়ান এ কোচ।
র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকলেও ভারতকে গুরুত্ব দিচ্ছেন আনচেলত্তি, ‘আমরা ভারতীয় দলকে সম্মান করি। কদিন আগে তারা পানামার বিপক্ষে ভালো খেলে ড্র করেছে। এটা আমাদের মাথায় আছে। তা ছাড়া আমরা কখনও প্রতিপক্ষকে হালকাভাবে নিই না। আশা করছি, জমজমাট একটি ম্যাচ হবে।’
ক্রিকেটপাগল ভারত কখনও বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব উতরাতে পারেনি। কিন্তু দেশটিতে ফুটবল বেশ জনপ্রিয়। ৬৭ বছর বয়সী আনচেলত্তি তাদের এই উন্মাদনার কথা ভালো মতোই জানেন, ‘ক্রিকেট এখানকার সংস্কৃতির অংশ। ফুটবল এখানে প্রধান খেলা নয়। তার মানে এই নয় যে এখানকার মানুষ ফুটবল ভালোবাসে না। এখানকার মানুষ অনেক ফুটবলপ্রেমী। এখানে এসে আমরা খুশি। যারা আমাদের খেলা দেখতে আসবেন, তাদের সামনে নিজেদের ফুটবল দক্ষতা প্রমাণের জন্য মুখিয়ে আছি। আশা করছি, দারুণ একটি রাত কাটবে।’
ব্রাজিলের তারকাদের মধ্যে শুধু রাফিনহা ভারতে আসেননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতিম্যাচে ঊরুতে চোট পেয়ে বার্সেলোনায় ফিরে গেছেন তারকা এ ফরোয়ার্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

































Recent Comments