ডেইলি শেয়ারবাজার ডেস্ক: উৎপাদন সক্ষমতা ও কর্মদক্ষতা বাড়াতে ৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নতুন মূলধনী যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান রিটার এজি থেকে এসব যন্ত্রপাতি সংগ্রহ করবে কোম্পানিটি।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ১৫৭তম সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। একই দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থায় পাঠানো মূল্য সংবেদনশীল তথ্যের (পিএসআই) মাধ্যমে বিষয়টি জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
কোম্পানি সূত্রে জানা গেছে, কারখানার ব্লো রুমে স্বয়ংক্রিয় মিশ্রণ প্রযুক্তি বা ‘অটো ব্লেন্ডিং’ চালুর মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া আধুনিকায়ন করা হবে। এর ফলে উৎপাদনশীলতা ও পরিচালন দক্ষতা বাড়বে বলে আশা করছে কোম্পানিটি।
যন্ত্রপাতি ক্রয়, পরিবহন ও বাণিজ্যিক ব্যয়, স্থাপন, নির্মাণকাজ এবং অন্যান্য আনুষঙ্গিক খাতসহ প্রকল্পটির সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৬০ লাখ টাকা। এ ব্যয় মেটাতে বোনাস শেয়ার বা স্টক ডিভিডেন্ড ইস্যুর মাধ্যমে অর্থায়ন করা হবে।
কোম্পানি কর্তৃপক্ষের প্রত্যাশা, নতুন যন্ত্রপাতি স্থাপন ও চালুর পর কারখানার উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর ফলে বছরে অতিরিক্ত প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা মুনাফা অর্জন করা সম্ভব হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments