ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসিকে আর দেখা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ২০২৭ সালের শুরুতে দেশটির মাটিতে ক্লাবের হয়ে খেলতে পারেন এই মহাতারকা। প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ইন্টার মায়ামি আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে। ম্যাচটি হলে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে মায়ামির জার্সিতে দেখা যেতে পারে মেসিকে।
ইন্টার মায়ামির কোচ কিলি গঞ্জালেজ জানিয়েছেন, আগামী জানুয়ারিতে আর্জেন্টিনায় প্রাক-মৌসুম ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। মাসটির দ্বিতীয়ার্ধে মনুমেন্তাল স্টেডিয়ামে রিভার প্লেটের বিপক্ষে ম্যাচটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ম্যাচের সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্যও চূড়ান্ত হয়নি।
শার্লটের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের পর এ বিষয়ে কথা বলেন আর্জেন্টাইন কোচ কিলি গঞ্জালেজ। তিনি বলেন, তার কাছে বিষয়টি নিশ্চিত বলেই মনে হচ্ছে। তবে প্রাক-মৌসুমে আর্জেন্টিনার ক্লাবগুলোর বিপক্ষে খেলার সম্ভাবনা থাকলেও চূড়ান্ত হওয়ার আগে আরও আলোচনা বাকি রয়েছে।
কোচের ভাষ্য, রিভার প্লেটের মতো আর্জেন্টিনার বড় ক্লাবের বিপক্ষে খেলতে পারা সব সময়ই ভালো অভিজ্ঞতা। তবে ম্যাচটি আয়োজনের বিষয়ে এখনো বেশ কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হলে মেসির জন্য তা হবে বিশেষ অভিজ্ঞতা। কারণ, আর্জেন্টিনার মাটিতে প্রথমবারের মতো কোনো ক্লাবের জার্সিতে খেলতে দেখা যেতে পারে তাকে। নিজ দেশের সমর্থকদের সামনে এবার জাতীয় দলের পরিবর্তে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামবেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
তবে মেসির অংশগ্রহণও এখনো নিশ্চিত নয়। ইন্টার মায়ামি বা সংশ্লিষ্ট আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টিকে সম্ভাব্য প্রীতি ম্যাচ হিসেবেই দেখা হচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments