নিজস্ব প্রতিবেদকঃ
মন্ত্রিত্ব ছেড়ে নির্বাচনি প্রচারণায় আসতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পেশাজীবী সম্মিলিত পরিষদ কর্তৃক বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক সমাবেশে এ আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গতকাল খুব দুঃখ করে ওবায়দুল কাদের বলেছেন – যদি ফখরুল ইসলাম নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারেন তাহলে আমি পারবো না কেন। ১০০ বার পারবেন। এই মুহূর্তে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করুন। আসুন একসাথে নির্বাচন করি। আপনি নৌকার জন্য নির্বাচনি প্রচারণা চালান আর আমি ধানের শীষের প্রচারণা চালাই। দেখা যাক জনগণ কোন দিকে থাকে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া আজ গণতন্ত্রের জন্য কারাবরণ আছেন। তাকে বেআইনিভাবে মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে। বারবার বলা হচ্ছে আদালত তাদের দায়িত্ব পালন করছে। সরকার দেশের সকল রাষ্ট্রযন্ত্রকে দখল করার পাশাপাশি বিচার বিভাগকে দখল করে নিয়েছে। খালেদা জিয়াকে যে আইনের ধারায় আটক করে রাখা হয়েছে সেই আইনের ধারা অনেক মানুষকেই আপনারা জামিন দিয়েছেন।
তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্রকে পুরোপুরি সমাহিত করা হয়েছে। আজকে আপনারা উৎসব পালন করছেন খুব ভালো কথা।কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে আপনার উৎসব পালন করছেন। এই উৎসবে এদেশের মানুষের হৃদয় কতটা থাকবে সেটাই দেখার বিষয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া এতোটা অসুস্থ নয় যে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। এই কথা আমরা আপনার কাছ থেকে আশা করি না। আশা করি দেশনেত্রীর সুচিকিৎসার জন্য সঠিক কথা বলবেন। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি সকল দায়-দায়িত্ব আপনাদের। বেগম খালেদা জিয়ার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে এর সকল দায়ভার আপনাদেরকে নিতে হবে।
বিএনপি মহানচিব বলেন, এ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বের হতে দিচ্ছে না তার একটাই কারণ যদি তিনি বাইরে থাকেন তাহলে জনগণ তাদের মসনদ ভেঙ্গে ফেলবে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে আটকে রেখেছে। এভাবে জোর করে, দখল করে, নির্যাতন করে দাবিয়ে রেখে, নির্যাতন করে, ঘুম খুন করে ক্ষমতায় টিকে থাকা যায় না।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেনের সঞ্চালনায় এবং ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. ফজলুর রহমান, রুহুল অমিন গাজী প্রমুখ।





























Recent Comments