
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়ন ও সুশাসন বিষয়ে আজ ১২ ডিসেম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সঙ্গে বৈঠকে মিলিত হয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের সমসাময়িক অর্থনৈতিক বিষয়সমূহ যথা সমসাময়িক অর্থনৈতিক সূচক ও মধ্যমমেয়াদি প্রক্ষেপণ, আর্থিক খাতের উন্নয়ন, পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়ন ও সুশাসন বিষয়ে আলোচনা হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: রেজাউল করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কমিশনের পক্ষে ড. শেখ সামসুদ্দিন আহমেদ, আইএমএফের এশিয়া প্যাসিফিক অঞ্চলের আবাসিক প্রতিনিধি জয়ন্দু দে এবং ডিভিশন চীফ রাহুল আনন্দসহ ৬ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে ফলপ্রসু আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বিশেষত পুঁজিবাজারের মাধ্যমে সামষ্টিক অর্থনীতির মূলধন যোগান, সম্ভাবনাময় উদ্যোক্তা তৈরি, পুঁজিবাজারে মূলধন প্রবাহ বাড়াতে নতুন ধরণের সিকিউরিটিজ চালু করা এবং বিশেষত ফিক্সড ইনকাম সিকিউরিটিজ এর বাজার বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এছাড়াও বাজারের গভীরতা ও তারল্য বৃদ্ধি প্রসঙ্গে আলোচনা হয়।
আলোচনায় ড. শেখ সামসুদ্দিন আহমেদ পুঁজিবাজার উন্নয়নে বিগত এক বছরে কমিশনের সার্বিক কর্মকান্ডের বর্ননা দেন। পুঁজিবাজার সংশ্লিষ্ট আইন ও বিধিমালা সংশোধন এবং প্রণয়নসহ গভর্নেন্স উন্নয়নের জন্য গৃহীত বিবিধ কার্যক্রম অবহিত করা হয়। স্বল্পমূলধনী কোম্পানির জন্য আলাদা প্লাটফর্ম চালু, ওটিসি মার্কেটের বিষয়ে গৃহীত পদক্ষেপ, করপোরেট বন্ডের মাধ্যমে মূলধন প্রবাহ বৃদ্ধি এবং অধিকতর স্বচ্ছতার জন্য সমভাবে আইনের প্রয়োগের বিষয়ে কমিশনের দৃঢ় মনোভাবের কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়া ফিক্সড ইনকাম সিকিউরিটিজ তথা বন্ড মার্কেটের মাধ্যমে মিউনিসিপাল বন্ড, বিভিন্ন কমিউনিটি বেজড সেবা খাতের অর্থায়নে বন্ড এবং ইনফ্রাসট্রাকচার বন্ডের মাধ্যমে দেশের উন্নয়নে বড় উন্নয়ন প্রকল্পসমূহের প্রয়োজনীয় ক্রমবর্ধমান অর্থায়নের চাহিদা মেটাতে কমিশনের ইচ্ছার কথা ব্যক্ত করেন।
পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে কমিশনের পক্ষ থেকে যেকোন প্রয়োজনে সহায়তা করার জন্য আইএমএফের প্রতিনিধি দলকে কমিশন আশ্বস্ত করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.



























Recent Comments